মাসচেরানো-আগুয়েরোদের অবসরের হিড়িক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ দলের অর্ধেককেই হয়তো আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। ছবি: এএফপি।
এ দলের অর্ধেককেই হয়তো আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। ছবি: এএফপি।

এতবার হাত ছোঁয়া দূরত্ব থেকে ফিরে আসা! ক্লান্ত-বিষণ্ন মনেই হয়তো জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। সে ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন গুঞ্জনের আভাস মিলছে। মেসির পথ ধরে নাকি সাদা-নীল জার্সি তুলে রাখছেন আরও সাতজন আর্জেন্টাইন ফুটবলার!

আর্জেন্টিনার সোনালি প্রজন্ম এর আগেও অনেক এসেছে। তবে এই প্রজন্মকে আসলেই সোনালি ভাবা হচ্ছিল। মেসি, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাসচেরানো, গঞ্জালো হিগুয়েন, এজকুয়েলে লাভেজ্জি—একটি জাতীয় দলে এত তারকা শেষ কবে দেখা গিয়েছে? কিন্তু এই দলটিই টানা তিন বছর তিনটি ফাইনালে উঠেও ব্যর্থ হলো। রাগে–দুঃখে মেসি অবসরের কথাই জানিয়ে দিয়েছেন। তাঁর ক্লাব সতীর্থ মাসচেরানোও জানিয়েছেন জাতীয় দলের হয়ে আর না খেলার কথা।

ইএসপিএনের ভাষ্যমতে, শুধু মাসচেরানোই নন, আগুয়েরো এবং বিলিয়াও নাকি অবসরের ঘোষণা দিয়ে দেবেন। অবসরের চিন্তাভাবনা করছেন এভার বানেগা, লাভেজ্জি, ডি মারিয়া ও হিগুয়েনও! সে ক্ষেত্রে এক দিনেই আর্জেন্টিনা দলটি হারিয়ে ফেলবে মূল একাদশের অর্ধেকেরও বেশি খেলোয়াড়! আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো অবশ্য আশাবাদী এতটা কঠিন সিদ্ধান্ত নেবেন না তাঁর খেলোয়াড়েরা, ‘তাদের অবসরে যাওয়ার কোনো কারণ নেই। তারা ভালো খেলেছে। নিজেদের এভাবে শাস্তি দেওয়ার মানে হয় না।’

এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়নি আর্জেন্টিনা ফুটবল সংস্থা। ফলে খবরটি সত্যি কি না, তা যেমন নিশ্চিত হওয়া যাচ্ছে না, আবার একেবারেই গুজব বলে উ​ড়িয়েও দেওয়া যাচ্ছে না। সূত্র: ইএসপিএন।