মাহরেজের ফুটবলরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াদ মাহরেজ
রিয়াদ মাহরেজ

ছেলেটির ধ্যানজ্ঞান ছিল ফুটবল নিয়ে। বাবার ইন্ধনে ফুটবলার হওয়ার স্বপ্নও দেখতে শুরু করে সে। কিন্তু দুর্ভাগ্য, বয়স যখন ১৫ ঠিক তখনই একেবারেই বিনা মেঘে বজ্রপাতের মতো তাঁর বাবার মৃত্যু। আলজেরিয়ান এক কিশোরের ফুটবলার হওয়ার স্বপ্নের তো তখনই ইতি ঘটে যাওয়ার কথা। কিন্তু ফুটবলেরই সৌভাগ্য বলতে হবে, উল্টো এই ধাক্কাটাই তাঁর কাছে ছিল প্রেরণা। এ কারণেই তো ফুটবলের এক বড় রূপকথার গল্পটা লেখা গেল।
রূপকথার গল্পই তো, দুই মৌসুম আগেও চ্যাম্পিয়নশিপে খেলা দল লেস্টার সিটি এবার প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা অধিকারে রেখেছে এখনো। এই মৌসুমে ‘দ্য ফক্স’দের সাফল্যকে আর কোনো উপমা দিয়ে তো বোঝানো সম্ভব নয়। আর সেই রূপকথার নায়ক, অবশ্যই রিয়াদ মাহরেজ!
ইংলিশ সংবাদমাধ্যমের শোরগোলকে পাত্তা দিলে লেস্টার সিটির এমন উত্থানে সবচেয়ে কৃতিত্ব দিতে হয় জেমি ভার্ডিকে। ১৯ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা এই ইংলিশ স্ট্রাইকার, তাঁকে নিয়ে হইচই হবেই কিন্তু নেপথ্যের নায়ক যে মাহরেজ সেটাও সত্য। মাঝমাঠে ছড়ি ঘোরানো যাঁর কাজ, ভার্ডিকে গোলের বল জোগানোই যাঁর মূল দায়িত্ব, সেই মাহরেজেরও এখন লিগে ১৫ গোল। তার মানে নিজের দায়িত্ব ভুলে বসেছেন তা নয়, লিগে ভার্ডিদের ১২টি গোল বানিয়ে দিয়ে প্রিমিয়ার লিগে গোল সহায়তায় মেসুত ওজিলের পরেই রয়েছেন মাহরেজ।
পরশু ওয়াটফোর্ড ম্যাচে আবারও বুঝিয়ে দিয়েছেন কেন তাঁকে পেতে চাইছে বার্সেলোনার মতো ক্লাব। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করেও ওয়াটফোর্ডের গোলমুখ খুলতে পারছিল না লেস্টার সিটি। বারবার সুযোগ পেয়েও ভার্ডি করছিলেন ‘অভার্ডীয়’ সব মিস। সবাই ভেবে নিয়েছিল ড্র করেই বোধ হয় ফিরতে হবে লেস্টারকে। তখনোই দেখা দিলেন জাদুকর মাহরেজ। প্রতিপক্ষের ভুলে বক্সের বাইরে খানিকটা জায়গা পেয়েছিলেন এই উইঙ্গার। ব্যস, সেই সুযোগটাই কাজে লাগালেন বাঁকানো এক শটে। বাঁ পোস্টঘেঁষা সেই শট থামানোর সাধ্য ছিল না কারও! মাহরেজের কল্যাণেই ১-০ গোলে ম্যাচ জিতেছে লেস্টার। ৬০ পয়েন্ট নিয়ে শিরোপাদৌড়ে নিকট প্রতিদ্বন্দ্বীদের চেয়েও এগিয়ে গেছে ৫ পয়েন্টে। লিগে এখনো বাকি ৯ ম্যাচ, তবে মাহরেজ-জাদু চলতে থাকলে এবারের লিগ শিরোপা জিততে যাচ্ছে লেস্টার সিটিই। এএফপি, রয়টার্স।