মায়েদের অনেক ত্যাগে আজ তাঁরা তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানের বিকাশে মায়ের অবদান অতুলনীয়। সন্তানের চলার পথ মসৃণ করতেও কত রকম ত্যাগ স্বীকার করেন মায়েরা। ক্রীড়াজগতে এমন কিছু তারকা আছেন, যাঁরা মায়েদের জন্য আজ এখানে। আসুন জেনে নেই সেসব মায়ের কথা:

ডেলোরিস জর্ডান
মাইকেল জর্ডানের নাম তো শুনেছেন। ডেলোরিস এই বাস্কেটবল কিংবদন্তির মা। এক তথ্যচিত্রে মার্কিন তারকা বলেছিলেন, প্রথম দফায় তিনি বল 'বাস্কেট' করতে পারতেন না। এ বিদ্যাটা শিখেছেন মায়ের কাছ থেকে। ছোটবেলা থেকেই লম্বা হতে চেয়েছেন জর্ডান। রান্নাঘরে দাঁড়িয়ে একদিন কথাটা বলতেই অদ্ভুত এক পরামর্শ দেন ডেলোরিস। জুতোয় লবণ মেখে প্রার্থনা করো!
১৯৯৩ সালে দুই কিশোরের হাতে খুন হন জর্ডানের বাবা জেমস জর্ডান সিনিয়র। শিকাগো ‍বুলস তারকা এতটাই মুষড়ে পড়েছিলেন যে ছেড়ে দিয়েছিলেন সাধের বাস্কেটবল।তাঁকে আবারও খেলায় ফিরিয়েছিলেন ডেলোরিস।

মায়ের সঙ্গে রোনালদো। ছবি: টুইটার
মায়ের সঙ্গে রোনালদো। ছবি: টুইটার

ডলোরেস আভেইরো
কার মা, তা না বললেও চলে। অন্তত এ দেশের বেশিরভাগ ফুটবলপ্রেমীই জানেন নামটা ক্রিস্টিয়ানো রোনালদোর নাড়ির সঙ্গে জড়িত; তাঁর মা। রোনালদোর শৈশব ছিল সমস্যাসঙ্কুল। পিতা হোসে দিনিস ফুটবলার হলেও ছিলেন মদ্যপ। ২০০৫ সালে তিনি মারা যান। রোনালদোর বয়স তখন ২০ বছর। বড় ভাই হুগো মাদকাসক্ত। এ পরিস্থিতিতে সংসারের হাল ধরেছিলেন ডলোরেস। শক্ত হাতে রোনালদোকে তিনি পৌঁছে দিয়েছেন স্বপ্নপূরণের চূড়ায়। ডলোরেস মমতা দিয়ে আগলে রেখেছিলেন বলেই রোনালদো এতটা উচুঁতে। অনেকের কাছেই তিনি 'জননী সাহসিকা।'

মা ডায়নার সঙ্গে ডি মারিয়া। ছবি: টুইটার
মা ডায়নার সঙ্গে ডি মারিয়া। ছবি: টুইটার

ডায়না হার্নান্দেজ

অ্যাঞ্জেল ডি মারিয়া পিএসজি। তার আগে রোজারিও সেন্ট্রাল, বেনফিকা, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড মাতিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। ডি মারিয়ার ফুটবলার হয়ে ওঠা তাঁর মায়ের কল্যাণে। শৈশবে রিভার তাঁকে সই করাতে চাইলে দ্বিধা করেননি ডায়না। দূরত্ব ছিল অনেক। তখন ডি মারিয়ার বাবার গাড়ি ছিল না। ডায়না 'গ্রাসিয়েলা'য় (সাইকেলের মতো বাহন) করে ছেলেকে নিয়ে যেতেন ট্রেন স্টেশনে। গোটা শহর পার হয়ে যেতে হতো তাঁকে। এভাবে রোজারিও সেন্ট্রালে ডাক পেয়ে যান ডি মারিয়া।ডায়না ওই ত্যাগটুকু স্বীকার না করলে তাঁর উঠে আসার পথটা সহজ হতো না।

আদ্রিয়ানার সঙ্গে আগুয়েরো। ছবি: টুইটার
আদ্রিয়ানার সঙ্গে আগুয়েরো। ছবি: টুইটার

আদ্রিয়ানা আগুয়েরো

মা-বাবার দ্বিতীয় সন্তান ছিলেন সার্জিও আগুয়েরো। মা কিশোরি থাকতেই এসেছিলেন গর্ভে। আগুয়েরোর বয়স ৬ মাস থাকতে তাদের বাসা দ্বিতীয়বারের মতো বন্যায় ভেসে যায়।চুরিও হয়ে যায় সব কিছু। পেটের সন্তানকে বাঁচাতে কাতান থেকে বুয়েনস এইরসে চলে যান আদ্রিয়ানা। আগুয়েরোকে নিরাপদে জন্ম দিতে সেখানে একটি বদ্ধ কামরায় কয়েক সপ্তাহ ছিলেন আদ্রিয়ানা। জন্মের সময় কাঁধের একটি হাড় ভাঙা ছিল আগুয়েরোর। তাঁর বাবার বয়স কম হওয়ায় হাসপাতালের নিবন্ধনে লিখতে হয়েছিল মায়ের নাম। সেখান থেকেই তিনি আজকের সার্জিও আগুয়েরো।

সেলিয়ার সঙ্গে লিওনেল মেসি। ছবি: টুইটার
সেলিয়ার সঙ্গে লিওনেল মেসি। ছবি: টুইটার

সেলিয়া

বিচ্ছেদের গল্প। লিওনেল মেসি ১৩ বছর বয়সে বাবার হাত ধরে পাড়ি জমান বার্সেলোনায়। তখন আর্জেন্টিনায় থেকে যেতে হয় তাঁর মা সেলিয়া কুচিতিনিকে। এ সময়টা মেসির মায়ের জন্য ছিল ভীষণ কষ্টের। সেলিয়া অনেকবারই বলেছেন, সন্তানের ভবিষ্যতের জন্য তখন মাতৃস্নেহ ত্যাগ করতে তাঁর ভীষণ কষ্ট হয়েছে। বিদেশ-বিঁভুইয়ে তাঁর ছোট ছেলেটা কেমন আছে, এ ভাবনাটা কুড়ে ‍কুড়ে খেত তাঁকে। মেসি খ্যাতি কুড়োনোর সঙ্গে সেলিয়ার কষ্টও নিশ্চয়ই লাঘব হয়েছে।