মায়ের সিদ্ধান্তেই 'রোমান সম্রাট' টট্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে টট্টি l ফাইল ছবি
মায়ের সঙ্গে টট্টি l ফাইল ছবি

ক্লাব ফুটবলে এখন বিরল হয়ে যাওয়া ‘ওয়ান-ক্লাব ম্যান’ বললে তাঁর ছবিটাই হয়তো সবার আগে চোখে ভেসে উঠবে। ২৬ বছর ধরে রোমের মানুষের হৃদয়ে রাজার আসন নিয়ে বসে আছেন ফ্রান্সেসকো টট্টি। রাজত্বটা শেষ হয়ে যাচ্ছে এই মৌসুমের পরই, এএস রোমার জার্সি আর চড়বে না ইতালিয়ান কিংবদন্তির গায়ে। তবে গল্পটা অন্য রকমও হতে পারত। ‘রোমান সম্রাট’ এসি মিলানের জার্সিকে রাঙাতে পারতেন গৌরবে। হয়নি শুধু তাঁর মা বাধা হয়ে দাঁড়ানোয়।
ঘটনাটা ২৬ বছর আগের। ১৩ বছর বয়সের ছোট্ট টট্টি তখন চোখে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে খেলে যাচ্ছিলেন যুব একাডেমিতে। সে সময়ই এসি মিলান প্রস্তাব নিয়ে হাজির তাঁদের দরজায়। গল্পটা টট্টিই বললেন অনলাইনভিত্তিক মিডিয়া দ্য প্লেয়ার্স ট্রিবিউনকে, ‘যখন আমার ১৩ বছর চলছে, এসি মিলানের লোকেরা আমাদের দুয়ারে কড়া নাড়ল। আমাকে ওই ক্লাবে নিতে চায়। ইতালির একটি বড় ক্লাবে খেলার সুযোগ...আমি কী সিদ্ধান্ত নিতাম?’
রোমার সৌভাগ্য, সিদ্ধান্তটা টট্টিকে নিতে হয়নি। তাঁর মা-ই সব সমাধান করে দেন, ‘সিদ্ধান্তটা আমার ছিল না। আমার মা-ই সবকিছু দেখতেন। এখনো দেখেন। তিনি চাননি আমি ঘর ছেড়ে যাই, কী হতে কী হয় এই ভয়ে!’ কিশোর টট্টি সেই সিদ্ধান্ত মেনেও নিয়েছেন মায়ের কথায়, ‘মিলানকে “না” বলা কঠিন ছিল। সেখানে যাওয়া মানে ছিল পরিবারের জন্য অনেক অর্থের নিশ্চয়তা। কিন্তু মা আমাকে শিখিয়েছেন, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ঘর!’
ঘর, মানে রোমাতেই থেকে গেছেন টট্টি। এই মৌসুমের শেষে অবসরের পরও থেকে যাবেন ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর হয়ে। অবশ্য ২০০৪ সালেও একবার রোম ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু সেবারও রোমার সভাপতির পাশাপাশি বাদ সেধেছিল টট্টির পরিবার। ৩৯ বছর বয়সী মিডফিল্ডারের জীবনের গতিপথ বেঁধে দিয়েছে তাঁর পরিবারই, ‘দিন শেষে আমার পরিবারের সঙ্গে কথা বলাটাই মনে করিয়ে দেয় জীবনের মানে কী—এখানে ঘরই সবকিছু।’ গোল।