মিউনিখে ঝরে যাওয়া ম্যানচেস্টারের ফুলগুলো

ম্যানচেস্টার ইউনাইটেডের সেই বিখ্যাত দল ‘বাসবি বেবস’।ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ ফেব্রুয়ারি ১৯৫৮। মিউনিখে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ‘বাসবি বেবস’ নামে বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেড দলের ৮ ফুটবলার। ক্লাব কর্মকর্তা ও ইংল্যান্ডের বিভিন্ন পত্রিকার ক্রীড়া সাংবাদিকসহ সেদিন মারা গিয়েছিলেন মোট ২৪ জন। সেই ট্র্যাজেডির আজ ৬৪তম বর্ষপূর্তি—

‘বাসবি বেবস’

৫ অক্টোবর, ১৯৫৬।
সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে প্রায়। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির ডরমিটরির একটা কক্ষে আড্ডা দিচ্ছিল একদল তরুণ ফুটবলার। পরের দিন চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে লিগে একটা ম্যাচ আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু আড্ডায় মেতে থাকা ওই তরুণদের কারও সেটা নিয়ে এত ভাবার দরকার ছিল না। এঁরা কেউই তখনো মূল দলে সুযোগ পাননি। কেউ কেউ মাঠে যাবেন হয়তো, তবে শুধু দর্শক হয়ে।
পানাহার, খোঁচাখুঁচি চলছে, হঠাৎ দরজায় ঠকঠক। একজন গিয়ে পানীয়র গ্লাস হাতেই দরজা খুললেন। সামনে যিনি দাঁড়িয়ে, তাঁকে তরুণদের সবাই চেনেন। ভদ্রলোক ম্যানচেস্টার সহকারী কোচ জিমি মারফি। পুরো ঘরে একনজর চোখ বুলিয়ে মারফি আঙুল তুললেন বিছানায় হেলান দিয়ে বসে থাকা ১৯ বছর বয়সী এক তরুণের দিকে, ‘তোমাকে বস ডাকছেন, এখনই।’ কথা শেষ করে উল্টো ঘুরে সোজা হাঁটা দিলেন মারফি।

১৯৫৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটা ম্যাচে ববি চার্লটন
ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইট


ইশারাটা যে তরুণের দিকে ছিল, তাঁর ততক্ষণে বুক ধড়ফড় শুরু হয়ে গেছে। কোনোরকমে জামাটা বদলে, জুতা জোড়া পায়ে গলিয়ে ছুটলেন বসের কক্ষের দিকে। মাথার মধ্যে তখন নানান কথা ঘুরছে সেই তরুণের। গত কয়েক দিনের মধ্যে কি কোনো ভুল করলাম, যার জন্য বস ডেকে পাঠালেন! ট্রেনিংয়ে তো ফাঁকি দিইনি কখনো। তাহলে কী!
ভাবতে ভাবতেই বসের দরজার সামনে। টেবিলের ওপাশেই বসে একটা কাগজে কী যেন আঁকিবুঁকি করছিলেন ৪৭ বছর বয়সী এক ভদ্রলোক, ইউনাইটেডের খেলোয়াড়েরা যাঁকে ‘বস’ বলে ডাকেন। দরজার সামনে তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় ভেতরে ডেকে বসতে বললেন।
: তোমার অ্যাঙ্কেলের অবস্থা কী? ফিজিও বলল, কয়েক দিন নাকি সমস্যা হয়েছে?—তরুণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন।
: তেমন কিছু না স্যার, এখন একদম ঠিক।
: গুড, কাল তুমি তাহলে খেলছ একাদশে।
: মানে ইউনাইটেডের একাদশে!
: তো আর কোথায়? যাও জলদি ঘুমিয়ে পড়ো।
তরুণের চোখেমুখে অবিশ্বাস! একবার মনে হলো পুরো কথোপকথনটা স্বপ্ন কি না, সেটা বুঝতে গায়ে চিমটি কেটে দেখা দরকার। ঠিক তখনই ওপাশ থেকে আবার ভরাট কণ্ঠ—
: আর কিছু বলবে?
: না, না স্যার। থ্যাংক ইউ।
: বসে আছ কেন? যাও।

স্যার ববি চার্লটন
টুইটার

বসের ঘর থেকে ডরমিটরিতে নিজের ঘরে যেন উড়ে চলে এলেন তরুণ। নিজেকে একটা ঘোরের মধ্যে মনে হচ্ছে তাঁর। রাতে বিছানায় অনেকক্ষণ শুয়ে থাকার পরও ঘুম আসছে না দেখে বেরিয়ে গেলেন ঘর থেকে। হাঁটতে হাঁটতে ওল্ড ট্রাফোর্ডের স্ট্রেটফোর্ড প্রান্তে। সামনে পুরো মাঠটাকে তখন স্বপ্নের এক মঞ্চ মনে হচ্ছে তাঁর। যে মঞ্চে কয়েক ঘণ্টা পরেই তাঁরও অভিষেক হবে। এমন একটা দিনের স্বপ্নই তো এত দিন তিনি দেখে এসেছেন।
সেই তরুণের স্বপ্ন সত্যি হয়েছিল। চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচটা সেদিন তো খেলেছেনই, এরপর খেলেছেন ইউনাইটেডের হয়ে আরও সাড়ে সাত শর বেশি ম্যাচ। তাঁকে প্রথম সুযোগটা সেদিন যিনি দিয়েছিলেন, ৪৭ বছর বয়সী সেই ভদ্রলোকের নাম স্যার ম্যাট বাসবি। ইউনাইটেডের সেই দলটাকে সমর্থকেরা ভালোবেসে ডাকত ‘বাসবি বেবস’ নামে।
১৯ বছর বয়সী সেই তরুণের নাম ছিল ববি চার্লটন।

দুঃস্বপ্নের মিউনিখ

স্যার ম্যাট বাসবির নিজের হাতে গড়েছিলেন দলটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যখন তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেড পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়, বাসবি দীর্ঘমেয়াদি এক পরিকল্পনা নিয়ে মাঠে নামলেন। ইংল্যান্ডের আনাচকানাচে থেকে প্রতিভা তুলে নিয়ে এলেন ইউনাইটেডের একাডেমির জন্য। সেখানে তাদের ঘষামাজা করে মূল দলের জন্য তৈরি করার প্রক্রিয়া শুরু হলো। দর্শনটা ছিল, মূল দলের সব খেলোয়াড় আসবে একাডেমির এই বয়সভিত্তিক দল থেকে। সেই কাজে দারুণ সফল হলেন বাসবি। ১৯ থেকে ২৪ বছর বয়সী তরুণদের নিয়েই গড়লেন অসাধারণ এক দল। ম্যানচেস্টার ইভনিং নিউজ-এর ক্রীড়া সাংবাদিক টম জ্যাকসন ১৯৫১ সালে প্রথমবার সেই দলটার নাম দিলেন ‘বাসবি বেবস’। সেই নাম পরে সমর্থকদের মুখে মুখে, এবং একসময় জায়গা পায় ইতিহাসের পাতায়ও।

সহকারী কোচ জিমি মারফির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ ম্যাট বাসবি (ডানে)
ম্যানচেস্টার ইভনিং নিউজ

এই দলটাকে নিয়েই তিনবার ইংলিশ লিগ, একবার এফএ কাপ ও তিনবার কমিউনিটি শিল্ড জেতেন বাসবি। এর মধ্যে ১৯৫৬ সালে ইউনাইটেড লিগ জিতেছিল ঘরের মাঠে অপরাজিত থেকে, রানার্সআপদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থেকে। জানিয়ে দেওয়া ভালো, তখন ইংলিশ লিগে প্রতিটি জয়ের জন্য দেওয়া হতো ২ পয়েন্ট করে। এর পরের বছর ইউনাইটেড আবার লিগ জেতে ৮ পয়েন্টের ব্যবধানে এবং ১০৩ গোল করে! স্বপ্নের সেই দলটা ভেঙে গিয়েছিল দুঃস্বপ্নের মতো এক ট্র্যাজেডিতে।

রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ইউরোপিয়ান কাপের একটা ম্যাচ খেলে দেশে ফিরছিল ইউনাইটেডের দলটা। দিনটা ১৯৫৮ সালের ৬ ফেব্রুয়ারি। ব্রিটিশ ইউরোপিয়ান এয়ারওয়েজের ফ্লাইট ৬০৯-এর যাত্রাপথ ছিল তৎকালীন যুগোস্লাভিয়ার বেলগ্রেড থেকে সরাসরি ম্যানচেস্টার পর্যন্ত। কিন্তু জ্বালানি নেওয়ার প্রয়োজন পড়ায় বাধ্য হয়ে মিউনিখে বিরতি নিতে হয় পাইলটকে। নামলেন, তেল নেওয়া হলো। কিন্তু পুরো বরফে ঢাকা রানওয়েতে আর কিছুতেই টেক অফ করতে পারছিলেন না তিনি। বিমানে তখন ম্যানচেস্টারের পুরো দল, ক্লাব কর্মকর্তা, ইংল্যান্ডের নামীদামি পত্রিকার ক্রীড়া সাংবাদিকসহ ৪৪ জন যাত্রী। দ্বিতীয়বার চেষ্টার পরও যখন পাইলট ক্যাপ্টেন জেমস থাইন টেক অফ করতে পারলেন না, তখন সিদ্ধান্ত নেওয়া হলো ফ্লাইট বাতিল করে বিকল্প কিছুর জন্য অপেক্ষা করার। যাত্রীদের বলা হলো নেমে যেতে। কিন্তু বাইরে তখন প্রচণ্ড তুষার। তাই নামলেন না কেউ। এরই মধ্যে বেশ কয়েকজন ফুটবলার পাইলটের কাছে অনুরোধ করলেন আরও একবার টেক অফের চেষ্টা করতে। জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নিলেন ক্যাপ্টেন জেমস থাইন।

বেলগ্রেড থেকে বিমানে উঠার সময় ম্যানচেস্টার ইউনাইটেড দলের খেলোয়াড়েরা
ইউনাইটেড বিফোর ফার্গি/টুইটার

তৃতীয়বার চেষ্টা করার সঙ্গে সঙ্গেই বিমান বিস্ফোরিত হলো। ৮ জন ফুটবলারসহ ২০ জনের মৃত্যু হলো সঙ্গে সঙ্গে। সব মিলিয়ে সেদিন প্রাণ হারিয়েছিলেন ২৪ জন, তাদের মধ্যে ছিলেন ‘বাসবি বেবস’ নামটা, যার দেওয়া সেই টম জ্যাকসনও।
টমি টেলর, মাত্র তিন মৌসুম খেলার পর আজও যাঁকে ম্যান ইউনাইটেডের ইতিহাসের সেরা স্ট্রাইকারদের একজন ভাবা হয় (১৬৬ ম্যাচে ১১২ গোল) বিস্ফোরণের কিছুক্ষণ আগে ধূমপান করার জন্য জায়গা বদল করে গিয়েছিলেন পেছনের দিকে। মৃত্যু লেখা আছে জানলে হয়তো যেতেন না। তাঁর জায়গায় যিনি এসে বসেছিলেন, বেঁচে গিয়েছিলেন তিনি!

ম্যানচেস্টার ইউনাইটেডের তখনকার গোলরক্ষক হ্যারি গ্রেগ
ম্যানচেস্টার ইউনাইটেড/টুইটার


বেঁচে ছিলেন ম্যান ইউনাইটেডের তখনকার গোলরক্ষক হ্যারি গ্রেগ। বিমান থেকে কোনোরকমে বেরিয়ে এসেও সতীর্থদের টানে আবার ফিরে গিয়েছিলেন ভেতরে। ভাগ্যিস গিয়েছিলেন! আহত হয়ে পড়ে থাকা কোচ ম্যাট বাসবিকে নইলে কে বাঁচাত? জীবনের ঝুঁকি নিয়ে গ্রেগ বের করে এনেছিলেন আরও একজনকে। জীবিত নয়, মৃত মনে করেই। কিন্তু বাইরে আনার পর দেখা গেল বেঁচে আছেন তিনিও।
গ্রেগের কাছে চলুন আমরা কৃতজ্ঞতা জানাই। মানুষ হিসেবে একবার এবং ফুটবলপ্রেমী হিসেবে আরও একবার।
দ্বিতীয়বার তিনি যাঁকে বের করে এনেছিলেন, তাঁর নাম ববি চার্লটন!

মোহাম্মদ আলী নন, ডানকান এডওয়ার্ডস

সেদিন বেঁচে যাওয়া চার্লটন পরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। ইংল্যান্ডের হয়ে জিতেছেন ১৯৬৬ বিশ্বকাপ, হয়েছেন ওই বিশ্বকাপের সেরা খেলোয়াড়। জিতেছেন ১৯৬৬ সালের ব্যালন ডি’অরও। প্রায় দুই যুগের ক্যারিয়ায় শেষে চার্লটন যখন অবসর নেন, তখন তিনি ইংলিশ ফুটবলে সর্বকালের সেরাদের একজন, বিশ্ব ফুটবলেরও। কিন্তু চার্লটনের নিজের বিশ্বাস, এত সব অর্জন, সম্মানের দাবিদার তাঁর চেয়েও বেশি ছিলেন অন্য একজন। মিউনিখের সেই দুর্ঘটনা কেড়ে নিয়েছিল যাকে—ডানকান এডওয়ার্ডস।

ম্যানচেস্টার ইউনাইটেডের সেই দলের মিডফিল্ডার ডানকান এডওয়ার্ডস।
ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইট


বাকি সাত সতীর্থের মতো দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মারা যাননি এডওয়ার্ডস। মিউনিখের এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ১৫ দিন। পা আর পাঁজরের সব হাড় তো ভেঙেই গিয়েছিল, পুরোপুরি অকার্যকর হয়ে গিয়েছিল কিডনি। অস্ত্রোপচারের পর কৃত্রিম কিডনি নিয়ে জ্ঞান ফেরার পরেও নাকি হাসপাতালে তাঁকে দেখতে যাওয়া ইউনাইটেডের সহকারী কোচকে জিজ্ঞেস করেছিলেন, ‘উলভসের বিপক্ষে ম্যাচটা কখন শুরু হবে জিমি? আমি ওই ম্যাচটা মিস করতে চাই না।’
উলভসের বিপক্ষে সেই ম্যাচ আর কখনো খেলা হয়নি এডওয়ার্ডসের। মৃত্যুর সঙ্গে লড়াইটা যে জিততে পারেননি।

যখন আমি শুনতাম, মোহাম্মদ আলী বিশ্বের কাছে নিজেকে সর্বকালের সেরা বলে ঘোষণা করছেন, আমার সব সময় হাসি আসত। সর্বকালের সেরা ছিলেন একজন ফুটবলার, যার নাম ডানকান এডওয়ার্ডস।
জিমি মারফি

এখনো মনে করা হয়, এডওয়ার্ডসের চলে যাওয়া শুধু ইংলিশ ফুটবলের নয়, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ক্ষতি। কেন? উত্তরটা জিমি মারফির মুখেও শুনতে পারেন, ‘যখন আমি শুনতাম, মোহাম্মদ আলী বিশ্বের কাছে নিজেকে সর্বকালের সেরা বলে ঘোষণা করছেন, আমার সব সময় হাসি আসত। সর্বকালের সেরা ছিলেন একজন ফুটবলার, যার নাম ডানকান এডওয়ার্ডস।’
ডানকানের সঙ্গে এবং বিপক্ষে যাঁরা খেলেছেন, তাঁদের প্রায় সবারই মত, তিনি ছিলেন কোনো খুঁত বা দুর্বলতা ছাড়া পরিপূর্ণ এক ফুটবলার। মাত্র ১৬ বছর বয়সে ১৯৫৩ সালে ইউনাইটেডের একাডেমি থেকে মূল দলে অভিষেক। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে বৈচিত্র্যের কারণে খেলতে পারতেন মাঠের যেকোনো পজিশনে। মৃত্যুর আগপর্যন্ত পাঁচ বছরের ছোট ক্যারিয়ারে ইউনাইটেডের হয়ে ১৫১টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ২০টি। মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ড দলে অভিষেকের পর তিন বছরেই খেলেছেন ১৮টি ম্যাচ, গোল করেছেন ৫টি। কিন্তু এডওয়ার্ডসকে আসলে এই সব সংখ্যা দিয়ে ঠিক চেনানো যাবে না।

ববি চার্লটন অনেকবারই বলেছেন, ‘আমার দেখা সেরা খেলোয়াড় সে, আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যেও সেরা। আমি সব সময় বিশ্বাস করতাম, যেকোনো খেলোয়াড়ের সঙ্গেই আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারব, শুধু এডওয়ার্ডস ছাড়া। ওর পাশে আমার নিজেকে সব সময় তুচ্ছ মনে হতো।’
ভুলে যাবেন না, কথাটা এমন একজন বলছেন, যার ইউনাইটেডের হয়ে সাড়ে সাত শর বেশি ম্যাচে আড়াই শর বেশি গোল। তিনি পেলে-ম্যারাডোনা-ডি স্টেফানোর খেলা দেখেছেন, জর্জ বেস্টের সঙ্গে খেলেছেন। চার্লটন মনে করেন, মিউনিখের দুর্ঘটনা যদি কেড়ে না নিত, তাহলে এডওয়ার্ডসই হতেন ১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক। আসলে যাঁর নেতৃত্বে পরে ইংল্যান্ড শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে, সেই ববি মুরও একমত, ‘ওর (এডওয়ার্ডস) মতো আর কেউ কোনো দিন আসবে না ফুটবলে।’
স্কাই স্পোর্টসের ফুটবল সাংবাদিক পিট হলের মতে, ‘রয় কিন, স্টিভেন জেরার্ড ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে মিলিয়ে যদি একজন ফুটবলার বানানো হয়, এডওয়ার্ডসের কাছাকাছি কাউকে পাওয়া যেতে পারে।’
বুঝতেই পারছেন, তাঁকে হারানোর ক্ষতিটা কেন শুধু ম্যানচেস্টার ইউনাইটেড বা ইংল্যান্ডের নয়, বিশ্ব ফুটবলেরও।

কোচ ম্যাট বাসবির সঙ্গে ডানকান এডওয়ার্ডস
ম্যানচেস্টার ইভনিং নিউজ

ম্যানচেস্টারের ফুলগুলো

মিউনিখে মারা যাওয়া প্রিয় খেলোয়াড়দের প্রতি বছরই স্মরণ করে ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড টুইটার

এডওয়ার্ডস হাসপাতাল থেকে ফিরতে পারেননি, তবে ম্যাট বাসবি ফিরেছিলেন। প্রায় নয় সপ্তাহের মতো হাসপাতালে ছিলেন, এর মধ্যে দুইবার তাঁকে শেষ শুদ্ধি বাক্যও পড়ানো হয়ে গিয়েছিল। কিন্তু যে কাজটা শুরু করেছিলেন, সেটা শেষ না করে মৃত্যুর কাছে হার মানতে যেন রাজি ছিলেন না স্কটিশ এই কোচ। ফিরে এসে আরও দুইবার ইউনাইটেডকে লিগ জিতিয়েছেন এবং অবশেষে ১৯৬৭-৬৮ মৌসুমে জিতেছেন পরম আরাধ্য ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়নস লিগ)। সেই জয়টাও ইউনাইটেড উৎসর্গ করেছে ‘বাসবি বেবস’সহ মিউনিখে প্রাণ হারানো ২৪ জনকে।
ওয়েম্বলিতে ইউসেবিও বেনফিকাকে হারিয়ে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপের সেরা হয়ে চার্লটনরা গেয়েছিলেন এডওয়ার্ডসদের স্মরণে দ্য স্পিনারস ব্যান্ডের লেখা সেই গান,
‘...মিউনিখের ঠান্ডা তুষারে, তারা জীবন বিসর্জন দিয়েছিল
কিন্তু তারা আমাদের হৃদয়ে এবং আমাদের মনে বেঁচে থাকবে চিরকাল
ইংলিশ ফুটবলের ফুলগুলো, ম্যানচেস্টারের ফুলগুলো...’