মিছিলে নেই পিরলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্বকাপের পরই চুকিয়ে ফেলতে পারি জাতীয় দলের পাট’—এমন ইঙ্গিতই দিয়েছিলেন আন্দ্রেয়া পিরলো। বিশ্বকাপের পর শুরু হওয়া জাতীয় দল থেকে অবসরের মিছিলে অবশ্য যোগ দেননি ইতালিয়ান মিডফিল্ডার। শিগগির দিচ্ছেনও না। ইতালির নতুন কোচ আন্তোনিও কন্তে পরশু বলেছেন এত তাড়াতাড়ি অবসর নেবেন না পিরলো, ‘সে আমাকে বলেছে তাকে (জাতীয় দলে) পাওয়া যাবে।’ গত তিন মৌসুম জুভেন্টাসে পিরলোর কোচ ছিলেন কন্তে। ওই তিন মৌসুমেই সিরি ‘আ’ জিতেছে জুভরা। তবে জাতীয় দলে জুটিটা দেখা যাবে কিছুদিন বাদে। হল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ও নরওয়ের বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচে ৩৫ বছর বয়সী পিরলোকে নিতে পারেননি কন্তে। কারণটা অবশ্য পিরলোর নিতম্বের চোট। এএফপি।