খোঁচাটা মেরেছিলেন বার্সার হয়ে লা লিগার শিরোপা জয়ের পর। জেরার্ড পিকের বাঁকা কথাটা সহজভাবে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। এরপর থেকে মাদ্রিদে এলেই পিকেকে শুনতে হয়েছে দুয়ো। পরশু যেমন, এল ক্লাসিকোতে পিকের পায়ে বল গেলেই গ্যালারি থেকে সমস্বরে শ্রাব্য-অশ্রাব্য কথা ভেসে এসেছে। বার্সা ডিফেন্ডার মনে মনে নিশ্চয়ই একটা মোক্ষম জবাব দেওয়ার সুযোগ খুঁজছিলেন। সেটা গোলের চেয়ে ভালো আর কী হতে পারে? শেষদিকে একটা গোলের জন্য অনেকবারই ওপরে উঠে গিয়েছিলেন। গোল প্রায় পেয়েও গিয়েছিলেন, মুনির বলটা ছেড়ে দিলেই তো পিকের গোল হয়। কিন্তু মুনির অবিশ্বাস্যভাবে সেটি মিস করে বসেন। পিকে তো পারলে তখন তাঁকে কাঁচাই খেয়ে ফেলেন! পরে অবশ্য বার্সা সতীর্থের সঙ্গে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। সেখানে লেখা, ‘পরেরবার আমাকে গোলটা করতে দিয়ো।’ বোঝা গেল, দুজনের মধ্যে সদ্ভাব হয়ে যেতে সময় লাগেনি!