মিটমাট করেই নামছেন ক্রুইফ

ভোর সাড়ে চারটায় ঢাকা নেমে খানিক বিশ্রাম। দুপুর একটায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের গুলশানের বাসভবনে তাঁর সঙ্গে সভা। শুরুতেই ছয় মাসের বকেয়া বেতন নিয়ে আলোচনা। অনুমিতই ছিল যে লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টার এ নিয়ে বাফুফে সভাপতির কাছে ক্ষোভ প্রকাশ করবেন। বেতন বকেয়া পড়ার বিষয়টাকে ভালোভাবে নিতে পারছেন না সেটা তাঁরা জানিয়েও দিয়েছেন। তবে আশার কথা, এ নিয়ে বাড়াবাড়ি কিছু হয়নি। সভাটা সৌহার্দ্যপূর্ণই থাকল।
ডি ক্রুইফকে সালাউদ্দিন কথা দিয়েছেন, দু-এক দিনের মধে৵ তাঁদের বকেয়া বেতনের ৬০ থেকে ৭০ শতাংশ দিয়ে দেওয়া হবে। টাকার অঙ্ক প্রকাশ না করলেও জানা গেছে তা ৭০ লাখের মতো। এতে শান্তই থাকলেন ডি ক্রুইফ। তা ছাড়া তাঁর সঙ্গে বিষয়টা নিয়ে আগেই আলোচনা করেছে বাফুফে।
ঢাকায় কাজ না থাকায় বাফুফের সম্মতিক্রমেই গত চার মাস হল্যান্ডে ছুটি কাটিয়েছেন ডি ক্রুইফ। বাফুফে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে তাঁর সঙ্গে। এখন ঢাকায় ফিরিয়ে এনে সালাউদ্দিন নিজের চাওয়াটা জানিয়ে দিলেন কোচকে, ‘চার মাস আপনাদের কাজে লাগাতে পারিনি আমরা। কিন্তু বেতন ঠিকই দিতে হচ্ছে। তবে যা হওয়ার হয়েছে, এখন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ুন। দলের ওপর শতভাগ মনোযোগ দিন। সর্বোচ্চটাই দেবেন আশা করি।’
সালাউদ্দিনকে কোচ প্রতিশ্রুতি দিয়েছেন এশিয়াডে ভালো ফল করতে নিজেদের সেরাটাই ঢেলে দেবেন। পাশাপাশি দু-তিনটি অনুশীলন ম্যাচ চেয়েছেন কোচ। সালাউদ্দিন বলেছেন, বিদেশে একটা ম্যাচ এবং ঢাকায় একটা বিদেশি দল এনে ম্যাচ খেলানোর চেষ্টা করবেন। মানে দুটি ম্যাচ খেলার আশ্বাস। এসব তথ্য জানিয়েছেন সভায় উপস্থিত বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম। পরে এই প্রতিবেদককে সালাউদ্দিন বলেছেন, ‘কোচের সঙ্গে সব সমস্যার সমাধান হয়েছে। এখন আমরা শুধুই সামনে তাকাব।’
সভা শেষে ডি ক্রুইফ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন সাংবাদিকদের। বেতনের প্রসঙ্গই এসেছে বেশি। ক্রুইফের মুখে একটা কথা এসেছে ঘুরেফিরে, ‘ফুটবলে আমি দুটি সংস্কৃতি দেখলাম। আমার দেশে বেতন নিয়ে কোচদের কোনো প্রশ্ন করা হয় না। সেখানে প্রশ্ন হয় দলের সাফল্য-ব্যর্থতা নিয়ে। কিন্তু বাংলাদেশে এসে দেখলাম বেতন নিয়ে নানা প্রশ্ন। যা-ই হোক, ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েই চলতে হবে আমাকে। সেই প্রস্তুতি নিয়েই এসেছি।’
আজ দুপুরেই এশিয়াডের ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে বাফুফে ভবনে। এরপরই খেলোয়াড়দের সঙ্গে বসার কথা সালাউদ্দিনের। প্রাথমিক দলের ২৫ জনকে ভাগ করে আজই বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা ম্যাচ খেলাবেন ক্রুইফ। ম্যাচটা খেলেই সন্ধ্যায় বিকেএসপি চলে যাবে দল। আগামী মাসের তৃতীয় সপ্তাহে দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ান গেমস। ১৯ আগস্ট গেমস ফুটবলের গ্রুপিং হওয়ার কথা।
এশিয়াডে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার মনোনীত হয়েছেন আমিরুল ইসলাম (বাবু)। কালকের সভায় তিনি ছাড়াও ছিলেন বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সদস্য তাবিথ আউয়াল।