মিটশেলানও হারায় ইউনাইটেডকে!

পরাজয় এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে খুব চেনা শব্দ। ইংলিশ প্রিমিয়ার লিগে হারের অভিজ্ঞতা হয়ে গেছে সাতবার, চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচ হেরে বাদ পড়েছে তারা গ্রুপ পর্বেই। সুতরাং ইউরোপা লিগে হার তো বিস্ময়ের কিছু নয়। তাই বলে ডেনমার্কের মিটশেলানের কাছেও হার? আসলেই বিস্ময়কর!
ধারেভারে ইউনাইটেডের চেয়ে যোজন যোজন পিছিয়ে মিটশেলান। শতবর্ষী ইউনাইটেডের কাছে ১৭ বছর বয়সী দলটি তো শিশুই। তার ওপর পরশুর এই ম্যাচের আগে দুই মাস তারা মাঠেই নামেনি। সর্বশেষ ১০ ম্যাচের নয়টিতেই হেরেছে। সেই ক্লাবের কাছেই ইউরোপা লিগে শেষ ৩২-এর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেল ২-১ গোলে!
এমন একটা পরাজয়ের পর লুই ফন গাল কী বলবেন? ইউনাইটেড কোচের পায়ের নিচের মাটিটা এমনিতেই সরে যেতে শুরু করেছিল। এই হারের পর সেই মাটি কতটা থাকবে, সেটাই প্রশ্ন। যে ৮০০ ইউনাইটেড সমর্থক ইংল্যান্ড থেকে ডেনমার্কে উড়ে গিয়েছিলেন, তাঁরাও ম্যাচের পুরো সময় দুয়ো দিয়ে গেছেন দলকে। ফন গালের সে নিয়ে কিছু আর যেন বলার নেই, ‘সমর্থকেরা সমালোচনা করতেই পারে। দ্বিতীয়ার্ধে আমরা যেমন খেলেছি, তাতে সেই অধিকার তাদের আছে।’ মিডফিল্ডার মাইকেল ক্যারিকেরও দুয়ো হজম করা ছাড়া যেন উপায় নেই, ‘আমাদের পারফরম্যান্স একদমই যাচ্ছেতাই ছিল। আরও অনেক ভালো খেলতে হবে আমাদের।’

এই হারে ইউনাইটেডের ডাচ কোচ কেন তোপের মুখে, সেটি পরিসংখ্যানের দিকে তাকালে আরেকটু স্পষ্ট হবে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এ নিয়ে নিজেদের মাঠে তৃতীয়বার এক ম্যাচে দুটির বেশি গোল করতে পারল মিটশেলান। এর আগে যে দুটি দলের বিপক্ষে গোল করেছিল তারা, ওয়েলশের সেই দুটি ক্লাব ব্যাঙ্গোর এফসি ও নিউ সেইন্টস এফসির নাম হয়তো আপনি শোনেনইনি। নিউ সেইন্টস তাও পেশাদার ফুটবল খেলে, ওয়েলশের শীর্ষ লিগেও অনেক দিন খেলছে। ব্যাঙ্গোর এফসি তো আধা পেশাদার দল।
অঘটন যে কিছু একটা হতে পারে, ম্যাচের আগেই সেটির আভাস মিলেছিল। ম্যাচ শুরুর ঠিক আগে অনুশীলনে হঠাৎ হাঁটুতে চোট পান ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গেয়া, শেষ মুহূর্তে নামতে হয় সার্জিও রোমেরোকে। বেশির ভাগ সময়ই মাঝমাঠে ইউনাইটেডকে খুঁজেই পাওয়া যায়নি। মেম্ফিস ডিপাইয়ের ৩৭ মিনিটের গোলে ইউনাইটেড অবশ্য এগিয়ে গিয়েছিল। কিন্তু ৪৪ ও ৭৭ মিনিটে পিওনে সিসতো ও পল ওনুয়াচোর গোলে স্মরণীয় এক জয় পায় মিটশেলান। এএফপি।