মিরপুর স্টেডিয়ামের সেই সন্ধ্যাই স্মৃতিতে রাখবে ববি হামিদকে

শাহজাহান হামিদ ববিছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাহান হামিদ ববি নামটা বাংলাদেশের ফুটবলে খুব পরিচিত নয়। ববি হামিদ হিসেবে হয়তো কিছুটা পরিচিতি থাকতে পারে। দেশের সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলেছেন একসময়। কিন্তু তাঁর মৃত্যুর দিন ফুটবলার পরিচয়ের চেয়েও পারিবারিক পরিচয়টিই বড় হয়ে উঠেছে। ববি দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা কায়সার হামিদের ছোট ভাই, দেশের কিংবদন্তি নারী দাবাড়ু রানী হামিদ তাঁর মা। তাঁর বাবা দেশের ক্রীড়াঙ্গনের প্রবাদপুরুষ, কর্নেল এম এ হামিদ।

ফুটবল ভালোবেসেছেন জীবনের শেষ সময় পর্যন্ত
ছবি: সংগৃহীত

কিন্তু কেবল পরিবার দিয়েই যদি ববি হামিদকে এই প্রজন্মের কাছে পরিচিত করে তোলা হয়, সেটি তাঁর প্রতি বড় অন্যায়ই হবে। তাঁর ফুটবলার পরিচয়টি খুব বড় না হলেও দেশের ফুটবলের দারুণ এক নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে ববি হামিদের নাম। পুরান ঢাকার ক্লাব ওয়ারীর জার্সি গায়ে ববি একবার বিপদে ফেলেছিলেন তাঁর বড় ভাইয়ের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তাঁর গোলেই ওয়ারী হারিয়ে দিয়েছিল মোহামেডানকে।

১৯৯২ সালের লিগ। সেবার মোহামেডান ওয়ারীর কাছে হেরে গিয়েছিল। শেষ পর্যন্ত ওয়ারীর বিপক্ষে সেই হারই লিগে মোহামেডানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সে ম্যাচের সঙ্গেই জড়িয়ে ববি হামিদ নস্টালজিয়া।

ওয়ারী ম্যাচের পরদিন জাতীয় দৈনিকের পাতায় ববি
ছবি: সংগৃহীত

লিগের শুরুর দিকে মোহামেডান খুব খারাপ খেলছিল, বারবার হোঁচট খাচ্ছিল তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষে। ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করে ববি হামিদের গোলে মোহামেডান হেরে যায় ওয়ারীর কাছে। সেই গোল আর ম্যাচটি আলোচিত ছিল ববি সে সময়ের বড় তারকা কায়সারের ছোট ভাই বলে। গোটা ম্যাচেই সেদিন ছোট ভাইয়ের কাছে বারবার হোঁচট খাচ্ছিলেন দেশসেরা ডিফেন্ডার কায়সার হামিদ। গোলটিও ববি করেছিলেন কায়সার হামিদকে বোকা বানিয়ে। পরদিন দেশের প্রায় সব শীর্ষ পত্রিকায় ববি হামিদের ছবি ছাপা হয়েছিল। রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তিনি।

কিন্তু সেই তারকাখ্যাতির দ্যুতি সেভাবে ছড়াতে পারেননি। নীরবে–নিভৃতেই খেলে গেছেন। ফুটবল তারকা সেভাবে হতে পারেননি। সেটা হওয়ার ইচ্ছাও হয়তো তাঁর ছিল না। পড়াশোনাতেই বিশেষ মনোযোগী ছিলেন। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোনো পর্যায়েরই বাংলাদেশ দল থেকে তাঁর ডাক আসেনি। তবে ফুটবল ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন ওয়ারীতে। হয়েছেন ক্লাবটির সুখ-দুঃখের সঙ্গী। তবে ফুটবলার পরিচয়ের পাশাপাশি হ্যান্ডবল খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বড় ভাই কায়সার হামিদের মতো জাতীয় ফুটবল দলে খেলতে না পারলেও খেলেছেন হ্যান্ডবলের জাতীয় দলে। ঘরোয়া হ্যান্ডবলে খেলেছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে।

সে সময়ের ক্রীড়া সাময়িকীতে ববিকে নিয়ে প্রতিবেদন
ছবি: সংগৃহীত

বয়স ৫৮ হয়ে গিয়েছিল। মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। ভারতে চিকিৎসাধীন ছিলেন মাঝে। সেখানে শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় দেশে ফিরে আসেন। গত ২০ দিন হাসপাতালেই ছিলেন। আজ সকালে সব পেছনে ফেলে তাঁর অনন্তলোকে যাত্রা।

ফুটবলার হিসেবে অর্জন হয়তো তেমন কিছু নয়, তবে ৩০ বছর আগে মিরপুর স্টেডিয়ামের সেই সন্ধ্যা বাংলাদেশের ফুটবলের স্মৃতিমেদুর আড্ডায় বারবার টেনে আনবে ববি হামিদের নাম—এটা বলাই যায়।