মিলান কিনছেন চীনা ধনকুবের?

দর্শকদের কাছে ফুটবল মানে বিনোদন। কিন্তু ব্যবসায়ীদের কাছে এটা বিনিয়োগের বড় ক্ষেত্রও। আর সেই টানেই ফুটবল-বাণিজ্যে আগ্রহী হয়ে উঠেছিলেন মার্কিন ও রুশ ধনকুবেররা। যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবারের সিংহভাগ অংশীদারত্ব রয়েছে ইংল্যান্ডের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। চেলসির মালিক রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ। একটা সময় তাদের পথ ধরে ইউরোপের বড় বড় ক্লাবের মালিকানা কেনা শুরু করলেন আরব শেখরাও। তাঁরা কিনে নিয়েছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি, প্যারিসের সেন্ট-জার্মেই, স্পেনের মালাগা। এবার হয়তো এই ফুটবল-বাণিজ্যে দেখা যাবে চীনা ধনকুবেরদেরও। হংকংয়ের ব্যবসায়ী রিচার্ড লি সম্ভ্রান্ত ইতালিয়ান ক্লাব এসি মিলান কিনে নিচ্ছেন বলে খবর দিয়েছে ইতালিয়ান একটি দৈনিক।
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মিলানের মালিকানা নেন ১৯৮৬ সালে। দেউলিয়া হওয়ার হাত থেকে উদ্ধার করে ক্লাবটিকে তিনি নিয়ে যান সাফল্যের সর্বোচ্চ শিখরে। তাঁর সময়কালে ৮ বার লিগ ও ৫ বার চ্যাম্পিয়নস লিগ জেতে মিলান। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, ক্লাবটি বিক্রি করে দিতে আগ্রহী তিনি। সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছে কিছুদিন আগে হংকংয়ের ধনকুবের রিচার্ড লিকে বেরলুসকোনির সঙ্গে মিলানের একটি ম্যাচে গ্যালারিতে দেখা যাওয়ার পর। ইতালিয়ান দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত খবর দিয়েছে, গাড়ি ব্যবসায়ী লি মিলান কিনতে আগ্রহী। এ ব্যাপারে বেরলুসকোনির সঙ্গে তাঁর কথাবার্তাও অনেক এগিয়েছে। শুধু হংকং নয়, লির ব্যবসা ছড়িয়ে-ছিটিয়ে আছে চীনেও। চীনের বিলাসপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান চায়না প্রিমিয়ার লাইফস্টাইল এন্টারপ্রাইজ-এর প্রেসিডেন্ট তিনি। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে লি বিলাসবহুল ইয়টে অবসর কাটাচ্ছেন, কিংবা চালাচ্ছেন সুপার কার। হংকংয়ের সঙ্গে ইতালিয়ান ব্যবসায়ীদের যোগসূত্রও তিনি।
গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর আরও খবর, মিলানের ৭৫ শতাংশ অংশীদারত্ব কিনে নিচ্ছেন লি। বাকি ২৫ শতাংশ থাকছে বেরলুসকোনি পরিবারের হাতেই। বেরলুসকোনি-কন্যা বারাবারাও থাকছেন ক্লাবের পরিচালনা পর্ষদে। এএফপি।