মিলানই ঠিকানা তোরেসের

ধরুন, একজন নামজাদা গায়ক হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আবিষ্কার করলেন তাঁর গলা দিয়ে আর সুর বের হচ্ছে না। ফার্নান্দো তোরেসের অবস্থা অনেকটা যেন তেমনই হয়েছিল। ২০১১ সালে তখনকার রেকর্ড ছয় কোটি ইউরো দিয়ে চেলসি নিয়ে এসেছিল তোরেসকে। স্প্যানিশ স্ট্রাইকার তখন লিভারপুলের হয়ে ফর্মের তুঙ্গে। কিন্তু চেলসিতে আসার পর থেকেই যেন গোল করা ভুলে গেলেন। চেলসিতে, তাঁর বিভীষিকাময় তিন মৌসুম শেষ হতে যাচ্ছে অবশেষে। দুই বছরের জন্য ধারে এসি মিলানে যাচ্ছেন ৩০ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার।
এই মৌসুমে অ্যাটলেটিকো থেকে ডিয়েগো কস্তাকে নিয়ে এসেছে চেলসি। বোঝা যাচ্ছিল, কস্তাই হবেন মরিনহোর প্রথম পছন্দ। সেই সঙ্গে ঘরের ছেলে দ্রগবা ফিরে আসায় তোরেস কার্যত তৃতীয় পছন্দই হয়ে পড়েছিলেন। অভিষেকের পর চেলসির হয়ে ১৭২ ম্যাচে গোল করেছেন ৪৫টি। লিভারপুলে প্রতি ১.৮ ম্যাচে যেখানে একটি গোল, সেখানে চেলসিতে একটি গোলের জন্য তাঁকে ৩.৮টি ম্যাচ খেলতে হয়েছে।
কালই মিলানে পৌঁছে গেছেন। উষ্ণ সংবর্ধনাও পেয়েছেন ভক্তদের। তবে ধারে গেলেও তোরেসের চেলসি-অধ্যায় কার্যত শেষ হয়ে যাচ্ছে। লন্ডনের ক্লাবের সঙ্গে চুক্তি আছে দুই বছরের, মিলানে যাচ্ছেন দুই বছরের জন্য। তার মানে চেলসির সঙ্গে নতুন চুক্তি না করলে তোরেসের আর নীল জার্সি গায়ে চড়ানো হবে না। এএফপি।