মিলানে ফিরছে মাদ্রিদ ডার্বি

লিসবন তাহলে আবার ফিরছে মিলানে। দুই বছর আগে পর্তুগালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে প্রথমবারের মতো মাদ্রিদ ডার্বি দেখেছিল। এবার মিলানে সেই ফাইনালের মঞ্চ সাজানো আরেকটি মাদ্রিদ ডার্বির জন্য। দুই দিন আগে অ্যাটলেটিকোর দেখিয়ে দেওয়া পথে হেঁটেই যে পরশু রিয়াল সেই চূড়ায় উঠে গেছে। ম্যানচেস্টার সিটিকে দুই লেগ মিলে ১-০ গোলে হারিয়ে রোনালদোদের এখন হাতছানি দিচ্ছে ‘উনডেসিমা’।
না, একটু ভুল হলো। রিয়ালের শেষ অভিযানটা তো অ্যাটলেটিকোর মতো মোটেই রোমাঞ্চকর কিছু ছিল না। আগের লেগের ম্যাড়মেড়ে গোলশূন্য ড্রয়ের পর পরশুর ম্যাচটাও প্রায় নিষ্প্রাণ। দুই লেগের ১৮০ মিনিটে দুই দলকে আলাদা করছে মাত্র একটা গোল, সেটাও আবার পাকেচক্রে পেয়ে বসা আত্মঘাতী—দুই লেগের খেলা কেমন ছিল, সেটা এ থেকে একটু আঁচ করা যায়। ‘এই ম্যাচে কোনো দলেরই জয় প্রাপ্য নয়’—ম্যানুয়েল পেলেগ্রিনির কথাটা থেকে ম্যাচের চিত্রটা আরেকটু স্পষ্ট হয়।
দুই লেগের একমাত্র মনে রাখার যে মুহূর্ত, সেটি এসেছে ২০ মিনিটে। গ্যারেথ বেলের ডান পায়ের ক্রস সিটির ফার্নান্দোর পায়ে লেগে দিকবদল করে পোস্টে লেগে ঢুকে যায় জালে। রিয়াল অবশ্য আরও উদ্যাপনের সুযোগ পেতে পারত। লুকা মডরিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেষ্টা সিটি গোলরক্ষক জো হার্ট ওভাবে ঠেকিয়ে না দিলে, আর বেলের হেড ক্রসবারে না লাগলে
বার্নাব্যুর উৎসবটা আরেকটু আনন্দঘন হতেই পারত। সুযোগ সিটিও পেয়েছিল, প্রথমার্ধে ফার্নান্দিনহোর শট পোস্টে লেগে বাইরে না গেলে সিটিও উদ্যাপন করতে পারত।
কিন্তু শেষ পর্যন্ত ভুল পাস ও নিষ্ফলা আক্রমণে ভরা ম্যাচটা মনে রাখা কঠিনই। এক গোল খাওয়ার পর সিটি সেভাবে সুযোগই পায়নি, পুরো ম্যাচে গোলে শট মাত্র একটি। জো হার্ট যতই বলুন, ‘আমরা খুব সহজেই ফাইনালে যেতে পারতাম। ওরা ভাগ্যগুণে পেয়ে যাওয়া গোলে আমাদের হারিয়েছে’—সিটির জয় প্রাপ্য ছিল, সেটা তিনিও জোর গলায় দাবি করতে পারেন না।
তবে রোনালদো সেই দাবিটা রাখঢাক না করেই জানিয়ে দিলেন, ‘ম্যাচটা কঠিন ছিল, তবে আমার মনে হয় আমরা সিটির চেয়ে ভালো খেলেছি।’ জিদান অবশ্য রোনালদোর কথাটা আরেকটু ঘুরিয়েই বললেন, ‘খেলোয়াড়দের এই জয়টা প্রাপ্য ছিল। সবাই ভালো খেলেছে, সেই জন্যই আমরা ফাইনালে।’
কিন্তু কোচ হিসেবে প্রথমবার ফাইনালে গিয়েই জিদান বাজিমাত করতে পারবেন তো? ফাইনালে ওঠার পর রোনালদো কিন্তু কৃতিত্বটা কোচকেই দিলেন, ‘জিদান দারুণ করছেন। আমি কোচ ও মানুষ হিসেবে তাঁকে সম্মান করি। আশা করি, তিনি চালিয়ে যাবেন।’ তবে জিদান সেই কৃতিত্ব একা নিলেন না, ‘আমি কোচ, আমি তো কিছুইটা ঠিক করেছিই। তবে এটাই অর্জন শুধু আমার নয়, আমার সঙ্গে যারা করেছে, তাদের সবার।’
মিলানের ফাইনালের আগে রিয়াল কোচ অবশ্য বেশ সতর্ক, ‘ফাইনালে দুই দলই সমতায় থাকবে।’ রোনালদোর কণ্ঠেও কোচের সুর, ‘ম্যাচটা কঠিন হবে। কী হবে কিছুই বলা যায় না। ৫০-৫০-ই বলব।’
আর যা-ই হোক, ফাইনালটা যাতে পরশুর ম্যাচের মতো না হয়, সেটাই নিশ্চয়ই সবাই চাইবেন! এএফপি, রয়টার্স, ইএসপিএন।