মিলানে হচ্ছে না 'জার্মান বিপ্লব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর ইব্রাহিমোভিচের উল্লাস। ছবি : টুইটার
গোলের পর ইব্রাহিমোভিচের উল্লাস। ছবি : টুইটার
>

গতকাল সাসসুয়োলোকে লিগে ২-১ গোলে হারিয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগ খেলার সম্ভাবনা বলতে প্রায় নিশ্চিত করে ফেলেছে এসি মিলান। 

গুঞ্জনটা গত নভেম্বর থেকেই শোনা যাচ্ছিল।

মিলানকে খোলনলচে বদলে ফেলা হবে সম্পূর্ণভাবে, জার্মানিতে আরবি লাইপজিগের যেভাবে উত্থান হয়েছে, সেভাবে ঘুমন্ত দৈত্য এসি মিলানও ঘুম থেকে জেগে উঠবে। দলের 'একচ্ছত্র অধিপতি' হিসেবে আনা হবে জার্মান ম্যানেজার রালফ রাংনিককে, যে রাংনিকের স্পর্শেই উঠে এসেছে লাইপজিগ - কত কথা! বলা হচ্ছিল, একই সঙ্গে দলের কোচ ও টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নেবেন রাংনিক।

কিন্তু সব গুঞ্জনেই পানি ঢেলে দিল খোদ মিলান। গতকাল এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, বর্তমান কোচ স্তেফানো পিওলির সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছরের জন্য বৃদ্ধি করেছে এসি মিলান। অর্থাৎ রাংনিক আসছেন না এসি মিলানে। মিলানে হচ্ছে না জার্মান বিপ্লব।

কিন্তু কেন হঠাৎ এভাবে সিদ্ধান্ত বদলে ফেলল ইতালির অন্যতম সফল এই ক্লাব? কারণ একটাই, পিওলির অধীনে মিলানের পুনরুত্থান। অভিজ্ঞ এই কোচের স্পর্শে সদ্যই আবারও জেগে উঠতে শুরু করেছে রোজনেরিরা।

করোনাভাইরাসের কারণে স্থগিত লিগ পুনরায় শুরু হওয়ার পর থেকে শুধু মিলানই একমাত্র অপরাজিত দল। তাঁরা গতকালও হারিয়েছে সাসসুয়োলোকে। গতকালের আগে যারা টানা আট ম্যাচ অপরাজিত ছিল। প্রথমার্ধেই সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ করেন জোড়া গোল। ম্যাচের ১৯ মিনিটে তুরস্কের তারকা মিডফিল্ডার হাকাল চালহানোলুর নিখুঁত ক্রসে মাথা ছুইঁয়ে গোল করেন ইব্রা। ৪২ মিনিটে এই চালহানোলুর হ্যান্ডবলে পেনাল্টি পায় সাসসুয়োলো।

পেনাল্টি থেকে গোল করেন ইতালির স্ট্রাইকার ফ্রান্সেসকো কাপুতো। তার ঠিক দুই মিনিট পরে আবারও ইব্রা-হাকান জুটি এগিয়ে দেন মিলানকে। ২-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। আর পয়েন্ট তালিকায় মিলান উঠে আসে পঞ্চম স্থানে। মোটামুটি এখন বলেই দেওয়া যায়, আগামী মৌসুমে অন্তত ইউরোপায় খেলবে মিলান। স্থগিত ফুটবল মৌসুম পুনরায় চালু হওয়ার পর এই নিয়ে নয় ম্যাচের সাতটাতেই জিতল মিলান। বাকি দুটো ম্যাচ ড্র হয়েছে।

মিলানের এই দুর্দান্ত ফর্মের পুরস্কারই উঠেছে পিওলির হাতে। পিওলির অধীনে দলের উত্থানকে আটকাতে চায়নি মিলান। তাকেই কোচ করে রাখতে চেয়েছে। বলা হচ্ছে, পিওলির অধীনে মিলানকে দেখে রাংনিককে শুধু টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার প্রস্তাব দেয় মিলান, ম্যানেজার নয়। ম্যানেজার থাকবেন পিওলি, ডিরেক্টর রাংনিক, এমন পরিস্থিতিতে মিলানের দায়িত্ব নিতে আর রাজি হননি রাংনিক। আরও বেশি ক্ষমতা চেয়েছিলেন এই জার্মান কোচ, যে প্রস্তাবটা তাঁকে আগে মিলান দিয়েছিল। রাংনিকের মুখপাত্র জানিয়েছেন, মিলানের আসার জন্য বর্তমান সময়টা ঠিক উপযুক্ত নয় রাংনিকের জন্য।

এদিকে পিওলি থাকার ফলে কপাল খুলেছে মিলান কিংবদন্তি পাওলো মালদিনিরও। রাংনিক এলে মিলানের এই স্পোর্টিং ডিরেক্টরও চাকরি হারাতেন। যেহেতু রাংনিক আসছেন না, তাই মালদিনিও থেকে যাচ্ছেন প্রিয় ক্লাবে। ওদিকে রেড বুলের সঙ্গে নতুন করে চুক্তি বৃদ্ধি করবেন রাংনিক, এমনটাই শোনা যাচ্ছে।

তবে যে কোচ আগের তিন ক্লাবেই শেষমেশ ছাঁটাই হয়েছেন, রাংনিকের মতো কাউকে না নিয়ে তাঁর সঙ্গে থাকার সিদ্ধান্ত কতটা যৌক্তিক, এ প্রশ্ন দেখা গিয়েছে অনেক মিলান সমর্থকদের মাঝে। পিওলি কী পারবেন তাঁদের ভুল প্রমাণ করতে? দেখা যাক!