মিলানের দুদলের ম্যাচে ১৬ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে গিয়ে প্রিয় দলের ৭ গোল দেখা মানে পুরোই পয়সা উশুল। পরশু সান সিরোয় উপস্থিত দর্শকেরা ৭-০ গোলে জিততে দেখলেন ইন্টার মিলানকে। আর সান সিরোর জিউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামটি ইন্টারের সঙ্গে ভাগাভাগি করে যে এসি মিলান, তারা জিতল ৫-৪ গোলে। সান সিরোকেন্দ্রিক দুটি দলের দুই ম্যাচ দেখল ১৬ গোল! পার্থক্য একটাই, ইন্টার সান সিরোর ম্যাচে সাসসুওলোর জালে বল পাঠিয়েছে সাতবার। আর পার্মার মাঠে গিয়ে পার্মার জালে মিলান পাঁচবার বল পাঠালেও তাদের জালেও গোল হয়েছে চারটি।

ইতালিয়ান লিগে খোলামকুচির মতো এত গোল কমই হয়। সর্বশেষ ৯ গোলের স্মৃতিটা যদিও বেশি আগের নয়, ২০১২ সালে ইন্টার-জেনোয়া ম্যাচ সেটি দেখেছিল। কাকতালই বটে, সেবারও ফলাফল ছিল ৫-৪। তবে পরশু দুই দলই আক্রমণের মন্ত্র জপেই মাঠে নেমেছিল। ইন্টার অবশ্য রক্ষণকেও সুসংহত রাখতে পেরেছে।

সিরি ‘আ’তে দুই নগরপ্রতিদ্বন্দ্বী দুই দলেরই লক্ষ্য থাকে শিরোপা জয়। তবে গত কয়েক বছরে সেই চাওয়ার সঙ্গে পাওয়ার সেতুবন্ধ হয়নি। জুভেন্টাসের আগ্রাসন, সেই সঙ্গে নাপোলি-রোমার সাফল্যের ছটায় ইন্টার-মিলান দুই দলই ছিল ম্লান। এই মৌসুম আবার মিলানের দুই দলের সাফল্যগাথা হবে কি না সেটি বলবে সময়। তবে নতুন কোচ, ক্লাব গ্রেট ইনজাগির হাতে পড়ে মিলানে যেন শোনা যাচ্ছে পালাবদলের সুর। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মিলান সবার ওপরে, ৪ পয়েন্ট নিয়ে ইন্টারও খুব পিছিয়ে নেই, আছে চারে। পরশু পার্মাকে হারানোর পর মিলানের নতুন কোচ ফিলিপ্পো ইনজাগি যেন খেলোয়াড়দের অহমটা জাগিয়ে তুলতে চাইলেন, ‘জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। ড্র-টা ন্যায্য ফল হতো না। সব সময় আমরাই এগিয়ে ছিলাম, এটাই সত্যিকারের মিলান। আমাদের ভুলে গেলে চলবে না আমরা কারা।’

ইনজাগি খানিকটা ক্ষুব্ধও, প্রতিবারই এগিয়ে যাওয়ার পর একটা করে গোল খেয়েছে মিলান। ২-১, ৩-২, ৪-৩, ৫-৪...স্কোরলাইনের চেহারা দাঁড়িয়েছে এমন। বোনাভেঞ্চুরা, হোন্ডা, ডি ইয়ং ও মেনেজের জোড়া গোলে জিতেছে মিলান। এর মধ্যে ব্যাকফ্লিকে করা মেনেজের দ্বিতীয় গোলটা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকার কথা। আর এদিকে ইন্টারের হয়ে হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি, পাবলো অসভালদো করেছেন জোড়া গোল। এএফপি।