মিলার ক্ষোভ
খেপে গেছেন রজার মিলা। ক্যামেরুনের ফুটবল কিংবদন্তি খেপেছেন দেশটির ফুটবল কর্তৃপক্ষের ওপরে। মিলা খেপেছেন ক্যামেরুন ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলায়। ১৯৯০ বিশ্বকাপের অন্যতম আলোচিত চরিত্র মানতে পারছেন না, এত দল থাকতে ক্যামেরুন কেন এশিয়ার এই দুই দুর্বল দলের বিপক্ষে খেলল! ফিফা র্যাঙ্কিংয়ে ক্যামেরুনের চেয়ে ৯৩ ধাপ পিছিয়ে থাইল্যান্ড। মিলার ভাষায় যে দেশটির ‘কোনো ফুটবল ঐতিহ্য নেই’। তবে ঐতিহ্যহীন সেই থাইল্যান্ডের সঙ্গে জিততেই পরশু জেরবার হতে হয়েছে অদম্য সিংহদের। ০-২ গোলে পিছিয়ে পড়া দলটি শেষ মুহূর্তের গোলে জিতেছে ৩-২ গোলে। এর আগে ২৫ মার্চ ইন্দোনেশিয়াকে ১-০ গোলে হারায় ক্যামেরুন।
‘ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে খেলাটা ক্যামেরুনের জন্য অপমানজনক। এটা লজ্জার, আমাদের কেন এ রকম দলের সঙ্গে খেলতে হবে’—ম্যাচের পর প্রশ্ন তুলেছেন মিলা। ক্যামেরুন অবশ্য গত বিশ্বকাপ ও আফ্রিকান নেশনস কাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এএফপি।