মিলিয়ে গেল জয়ের হাসি

মাঠে হতে পারত জয়োৎসব। খেলোয়াড়েরা চাইলে ল্যাপ অব অনারও দিয়ে ফেলতে পারতেন। করতালি-বৃষ্টিতে ভাসতে ভাসতে তাঁরা যেতেন ড্রেসিংরুমে। এই সন্ধ্যায় সব আয়োজনই তো সারা। চার মিনিট পরই কাঙ্ক্ষিত জয় তুলে হাসতে হাসতেই বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়ার চিত্রনাট্য প্রায় তৈরিই।
৮৭ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে বাংলাদেশ। তার ওপর তাজিকিস্তান ১০ জনের দলে পরিণত সেই ৬৭ মিনিটে। ম্যাচ জিততে আর কী লাগে! অথচ এই ম্যাচই শেষ পর্যন্ত হতাশায় ডুবিয়ে ড্র। জয় নামের সূর্য উঁকি দিয়ে আবার মেঘে ঢেকে গেল। সবার চোখমুখে বেদনাহত বিস্ময়!
হসপিটালিটি বক্সে একাকী ম্যাচ দেখতে দেখতে কোচ লোডভিক ডি ক্রুইফও হতাশায় আচ্ছন্ন। কিরগিজ ম্যাচের শেষ দিকে রেফারির সঙ্গে অশোভন আচরণের কারণে বহিষ্কৃত হয়ে এদিন ডাগআউটে নিষিদ্ধ ছিলেন বাংলাদেশ কোচ। আরও বড় শাস্তি কেন দেওয়া হবে না—ফিফার কারণ দর্শাওয়ের ব্যাখ্যাও তাঁকে দিতে হবে ২৪ জুনের মধ্যে। একই সঙ্গে ‘বারবার সেট পিসে কেন গোল খায় বাংলাদেশ’ রহস্য উন্মোচন করাও অতি জরুরি তাঁর জন্য। সঙ্গে শেষ মুহূর্তে গোল খেয়ে তীরে এসে তরি ডোবার কারণ খুঁজে পাওয়াও।
কিন্তু এই ধাঁধার উত্তর কি তিনি খুঁজে পাবেন! এ যে দুরারোগ্য এক রোগ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের। কালও সর্বনাশের নাম সেট পিস। নিজেদের বক্সের সামনে স্ট্রাইকার এমিলি বাতাসে বলের দখল নিতে লাফালেন, ফাউলের বাঁশি। ফাথুল্লোর দারুণ ফ্রি কিকটা থামানোর সাধ্য ছিল না গোটা ম্যাচে পোস্টের নিচে বিশ্বস্ত থাকা গোলরক্ষক লিটনেরও। পাঁচ দিন আগে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই কিরগিজদের কাছে ৩-১ গোলে হারের প্রথম গোলটা ওই ফ্রি কিক থেকেই।

কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও একই ভূত বারবার তাড়া করা সত্যিই বেদনাদায়ক। কিরগিজস্তানের কাছে হারের ক্ষতে মলম লাগিয়ে এদিন প্রথমার্ধে দেখা দিল গোছানো ও আক্রমণাত্মক এক বাংলাদেশ, তা দেখে হাজারো হাতের করতালি খেলোয়াড়দের প্রাপ্যই ছিল।
বিরতিতে বাংলাদেশ দল ড্রেসিংরুমে যাওয়ার সময় তা দিতে কার্পণ্য করলেন না কাজী সালাউদ্দিনও। ভিআইপি বক্সে দাঁড়ানো বাফুফে সভাপতিকে খুশিই দেখাচ্ছিল। হাজার দশেক দর্শকের সঙ্গে তিনিও আশায় বুক বেঁধেছেন। বৃষ্টিভেজা ভারী মাঠে স্বাগতিক দল বাববার ঢুকছিল অ্যাটাকিং থার্ডে। বল পজেশন থেকে শুরু করে সব বিভাগেই পরিষ্কার দাপট। এ যেন অন্য বাংলাদেশ!
মনে হচ্ছিল, আজ হতে পারে। কিরগিজস্তান যতটা শক্তিশালী ছিল, তাজিকিস্তান তা নয়। বাংলাদেশ দলই বরং চমকে দিয়েছে তাজিকদের। এনামুলের জায়গায় একাদশে সুযোগ পাওয়া জুয়েল রানা ডান প্রান্তে রীতিমতো ত্রাস ছড়ালেন। বাঁ প্রান্তে সোহেল রানাও সক্রিয়। মাঝমাঠে জামাল ভুঁইয়া, মামুনুল আর হেমন্ত চনমনে। কিরগিজস্তানের সঙ্গে অহেতুক ফাউল করে বিপদ ডেকে আনা হেমন্ত যেন শাপমোচনে পণ করেই নেমেছেন। সবাই ভালো খেলছিলেন, অনেক দিন পর ফুরফুরে গোটা দলই।
৫০ মিনিটে গোলও ধরা দিয়েছে। মামুনুলের ফ্রি কিকে হেমন্তর মাথায় লেগে বল গোলপোস্টে। টিভি রিপ্লেতে মনে হয়েছে, হেমন্তর হেডেই গোল। তবে এমিলি শেষ টোকা দেওয়ায় গোলটা তাঁর নামের পাশেই রেখেছেন কোরিয়ান রেফারি।
দ্বিতীয় গোলটাও আসি-আসি করছিল। হেমন্তকে মাঝমাঠে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড পেলেন ডিফেন্ডার আশরোরোভ, এই তো সুযোগ! জুয়েল রানা দুর্দান্ত একটা ক্রস করলেন, এমিলির হেড পোস্টের ওপর দিয়ে গেল। তারও আগে এমিলি ও হেমন্ত নষ্ট করছেন সহজ সুযোগ। বাংলাদেশের তো চার গোলে জেতা উচিত ছিল!
উল্টো এগিয়ে থাকার পরও ১০ জনের দলের বিপক্ষে রক্ষণাত্মক হয়ে গেল বাংলাদেশ। সেই সুযোগেই চাপ তৈরি করল তাজিকরা, তাতেই সর্বনাশ। একটা সম্ভাবনারই মৃত্যু দেখল বঙ্গবন্ধু স্টেডিয়াম।
বিশ্বকাপ বাছাইয়ে বাকি ছয় ম্যাচে জয় পাওয়ার বাস্তব সম্ভাবনা বলতে গেলে শূন্যই। ঘরের মাঠে শেষ মুহূর্তে সুবর্ণ সুযোগ হারানোর এই আক্ষেপটা তাই অনেক দিনই থাকবে।
বাংলাদেশ দল: লিটন, ইয়ামিন, ইয়াসিন, তপু, নাসিরুল ইসলাম, জামাল, সোহেল রানা, হেমন্ত, মামুনুল, জুয়েল রানা (এনামুল, ৮৫ মি.), এমিলি।