
ফুটবলাররা মনোযোগী শ্রোতা। বক্তা জাতীয় দলের গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের আবাসিক ক্যাম্পে যোগ দিতে আসা ফুটবলারদের বলছিলেন, ‘এটা বিশ্বকাপের বাছাই এবং নিজেদের মেলে ধরার জন্য অনেক বড় সুযোগ। শুধু ফুটবলারদের জন্যই নয়, বাফুফের জন্যও সুযোগ যে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তারা কী করে দেখাতে পারে।’
সবচেয়ে অভিজ্ঞ জাহিদ হাসান এমিলি থেকে শুরু করে প্রথমবারের মতো ডাক পাওয়া গোলরক্ষক আশরাফুল হক—সবাইকেই ছুঁয়ে যাচ্ছে রোমাঞ্চ। খেলতে হবে এশিয়ান কাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, জর্ডান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে। ২০০২ বিশ্বকাপের পর এবারই প্রথম সরাসরি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ।
৩০ মে সিঙ্গাপুরের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি পর্ব। এরপর ২ জুন আফগানিস্তানের সঙ্গে খেলা। কাল দুপুরে প্রাথমিক দলে ডাক পাওয়া ৩২ ফুটবলারেরই রিপোর্ট করার কথা থাকলেও সবাই আসেনি বাফুফে ভবনে। বাবা অসুস্থ থাকায় চট্টগ্রামে ছিলেন ডিফেন্ডার নাসিরউদ্দিন। মাথায় চোট পাওয়ায় আসেননি ইয়াসিন। জাহিদ অসুস্থ। জামাল ভূঁইয়া লিগের প্রথম পর্ব শেষে ছুটি নিয়ে দিন কয়েকের জন্য ডেনমার্ক গেছেন। জার্মানিপ্রবাসী রিয়াসাত খাতন ফিলিপাইনের লিগ শেষে মে মাসের শেষ সপ্তাহে এসে ক্যাম্পে যোগ দিতে পারেন। শুধু শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রিমিয়ার লিগ প্রথম পর্ব শেষ হওয়ায় তাদের ফুটবলাররা অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। বাকিরা প্রথম পর্ব শেষে যোগ দেবেন।
কোচ লোডভিক ডি ক্রুইফ গেছেন হল্যান্ডে। দু-এক দিনের মধ্যে তাঁর ফেরার কথা। সহকারী কোচ সাইফুল বারী টিটু মালয়েশিয়াতে প্রো-লাইসেন্স কোচিং কোর্স নিয়ে ব্যস্ত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাই আরেক সহকারী কোচ মাসুদ পারভেজ ঘণ্টা খানেক অনুশীলন করালেন ফুটবলারদের।
ঘরের মাঠে ভালো কিছু করারই স্বপ্ন দেখছেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, ‘আমি যত দিন খেলছি, দেশের মাটিতে আমরা ভালোই করেছি। তাজিকিস্তান ও কিরগিজস্তানের সঙ্গে এর আগেও খেলেছি আমরা। আশা করি, দেশের মাটিতে এদের সঙ্গে জিততে পারব।’
প্রায় পাঁচ বছর পর দলে ডাক পাওয়া এনামুল হক রোমাঞ্চিত, ‘এ দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। এমন একটা সময়ে নিজেকে ফিরে পেয়েছি যখন বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে।’ মিডফিল্ডার হেমন্ত নিজেকে ভাবছেন ভাগ্যবান, ‘আমি সৌভাগ্যবান যে বিশ্বকাপের বাছাইয়ে সরাসরি খেলতে পারছি। বড় এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা থাকবে আমার।’ জাতীয় দলের ক্যাম্পে প্রথম ডাক পেয়ে উচ্ছ্বসিত মোহামেডানের নবীন গোলরক্ষক আশরাফুল হক, ‘প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমি সেনাবাহিনীতে ছিলাম। কিন্তু পেশাদার ফুটবল খেলার জন্যই সেনাবাহিনী ছেড়েছি। লড়াই করেই আমি মূল দলে সুযোগ পেতে চাই।’