মিশিগানে ফুটবলের জয়গান
আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ আর মাঝে দুই দফায় হল্যান্ড। সব মিলিয়ে ভদ্রলোকের দুই যুগের বেশি সময় ধরে কোচিং করানোর অভিজ্ঞতা।ইউরোপের কত স্টেডিয়ামে ঘুরেছেন দল নিয়ে! কাছ থেকে দেখেছেন বিশ্বকাপের ফুটবল-উন্মাদনাও। বিশাল দর্শক, তাদের গর্জন, উচ্ছ্বাস এসব তো তাঁর জীবনেরই অংশ। লুই ফন গালের কাছে এসবে বিস্ময়ের কিছু থাকে না।
কিন্তু পরশু রাতে মিশিগান সেই ফন গালকেও বিস্ময়াভিভূত করে দিল! চোখের সামনে যা দেখলেন, এত বছরের ক্যারিয়ারে সেই অভিজ্ঞতা আগে কখনো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড কোচের। ঘটেনি যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসেও। মিশিগান স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা দেখতে উপস্থিত ১ লাখ ৯ হাজার ৩১৮ জন দর্শক!
এটা আনুষ্ঠানিক হিসাব। প্রকৃত সংখ্যাটা আরও বেশি তাতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ফুটবল ম্যাচে এর আগে এত দর্শক হয়নি কখনো। এর আগে ১৯৮৪ অলিম্পিকে ক্যালিফোর্নিয়ার রোজ বোলে ব্রাজিল-ফ্রান্স ম্যাচটা মাঠে বসে দেখেছিল ১ লাখ ১ হাজার ৭৯৯ জন দর্শক। কাল সেই রেকর্ড ভেঙে মিশিগান দেখাল ফুটবল-উন্মাদনার নতুন রূপ। দেখে বোঝার উপায় ছিল না এটা শুধুই প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্টের একটা ম্যাচ! কে বলবে ম্যাচটা এমন একটা দেশে হচ্ছে যেখানে ফুটবল এক নম্বর পছন্দের খেলা নয়! মিশিগানে দর্শক উপস্থিতি এত সাড়া ফেলেছে, সেটার আড়ালে ঢাকা পড়ে গেছে ম্যাচের ফল, রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে ইউনাইটেডের ফাইনালে উঠে যাওয়া। ম্যাচ শেষে ইউনাইটেড কোচের প্রতিক্রিয়াতেও সবার আগে থাকল বিশাল দর্শকের প্রসঙ্গ, ‘এটা অবিশ্বাস্য। আমি এর আগে দল নিয়ে জার্মানি, হল্যান্ডেও অনেক প্রাক-মৌসুম সফর করেছি। কিন্তু কোথাও এমন অভিজ্ঞতা হয়নি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেললাম সব মিলিয়ে প্রায় ৩ লাখ দর্শকের সামনে। আরও একটা ম্যাচ বাকি আছে।’
বাকি যে ম্যাচটির কথা বলছেন ফন গাল, সেটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনাল। আজ মায়ামিতে যেখানে ইউনাইটেডের প্রতিপক্ষ ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল। পরশু রাতেই অন্য গ্রুপের শেষ ম্যাচে অলিম্পিয়াকসের কাছে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় ফাইনালে উঠে যায় ব্রেন্ডন রজার্সের দল। ফন গাল অবশ্য
ফাইনাল নিয়ে বেশ নির্ভারই আছেন, ‘প্রিমিয়ার লিগের দুটি দল ফাইনালে খেলবে, এটা তো ইংলিশ ফুটবলের জন্য খুবই ভালো খবর।’
রেকর্ড দর্শকের উপস্থিতিতে ইউনাইটেডের জয়ের নায়ক অ্যাশলি ইয়াং। প্রথমার্ধেই দুটি গোল করেছেন ইংলিশ উইঙ্গার। এর মধ্যে ২১ মিনিটে প্রথম গোলটি আসলে ইউনাইটেডের দলগত চেষ্টার ফল। ইয়াংয়ের পা থেকে বল রিয়ালের জালে যাওয়ার আগে ৩০টি পাস খেলেছেন ইউনাইটেড খেলোয়াড়েরা। মাঝে পেনাল্টি থেকে গ্যারেথ বেল সমতা ফেরালেও প্রথমার্ধেই ইয়াংয়ের আরও একটি গোল এবং শেষ দিকে বদলি হিসেবে নামা হাভিয়ের হার্নান্দেজের গোলে বড় জয়ই পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এমনকি ম্যাচের ১৭ মিনিট বাকি থাকতে ক্রিস্টিয়ানো রোনালদোকে বদলি হিসেবেও নামিয়েও ফল বদলাতে পারেননি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
তবে ব্যবধান নয়, ফন গাল আসলে খুশি তাঁর নতুন ছকে ছাত্রদের দুর্দান্ত পারফরম্যান্সে, ‘আমি জানি সবাই আমাদের প্রথম গোলটার কথাই বলবে। তবে ছেলেরা দল হিসেবেও অসাধারণ খেলেছে। প্রীতি ম্যাচ হলেও আমি জানি রিয়াল ম্যাচটা হারতে চায়নি। এ কারণেই ওরা রোনালদোকে নামিয়ে শেষ চেষ্টা করেছে।’
সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুর্দান্ত খেলেই ফাইনালে ফন গালের দল। আজ লিভারপুল-বাধা পেরোতে পারলে ইউনাইটেড কোচ হিসেবে প্রথম ট্রফিটাও কিন্তু জেতা হয়ে যাবে ফন গালের।হোক না সেটা প্রীতি টুর্নামেন্টের! এএফপি, রয়টার্স।