আন্তর্জাতিক ফুটবলে এশাম এল হাদারির অভিষেক ১৯৯৬ সালে। রামাদান সোবি তখনো পৃথিবীর আলো দেখেননি। দুই প্রজন্মের এ দুই ফুটবলারের চাওয়া আজ একই বিন্দুতে এসে মিলেছে। মিসরের হয়ে আফ্রিকান নেশনস কাপের (আফকন) শিরোপা জিততে চান তাঁরা। হাদারি-সোবির স্বপ্ন পূরণ হলে আফকনে সবচেয়ে বেশি শিরোপা জয়ের নিজেদের রেকর্ডটা সাত থেকে আটে নিয়ে যাবে মিসর। হাদারির জন্য যেটা হবে পঞ্চম শিরোপা, সোবির প্রথম।
ফাইনালে মিসরের প্রতিপক্ষ ক্যামেরুন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে চারবার। ঘানার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দল। কিন্তু ক্যামেরুন দলে এবার কোনো খেলোয়াড়েরই নেই আফকনের শিরোপা জয়ের অভিজ্ঞতা। ২৩ জন খেলোয়াড়ের মধ্যে ১৪ জনেরই এটি প্রথম আফ্রিকান নেশনস কাপ। আফকনে ক্যামেরুন সর্বশেষ শিরোপাই জিতেছে ২০০২ সালে, সর্বশেষ ফাইনাল খেলেছে ২০০৮ সালে। সেবার তাদের শিরোপা-স্বপ্ন ভেঙে দিয়েছিল এই মিসর। নিয়তি এবার ক্যামেরুনকে প্রতিশোধের সুযোগ এনে দিয়েছে।
দলে বড় কোনো নাম নেই। তবে গত ১২ মাসে ক্যামেরুনকে অন্যরকমই করে তুলেছেন কোচ হুগো ব্রুস। অভিজ্ঞতার ঘাটতি থাকলেও খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। ব্রুস তাই জোর গলায় মিসরকে চ্যালেঞ্জই জানাচ্ছেন, ‘আমরা এই ফাইনালটি জিততে চাই। আমরা তৈরি।’
আফকনের সফলতম দল মিসরের আগের সেই দাপট আর নেই। ২০০৬, ২০০৮ ও ২০১০—টানা তিনবার শিরোপা জিতেছিল তারা। কিন্তু দেশটির রাজনৈতিক অস্থিরতা যেন সংক্রমিত হয়েছে ফুটবলেও। পরের তিনটি আসরে বাছাইপর্বের বৈতরণিই পার হতে পারেনি। এবার অবশ্য জেগে উঠেছে তারা। মালির বিপক্ষে মিসরের প্রথম ম্যাচে মাঠে নেমেই আফকনে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে গেছেন হাদারি। গোলবারের নিচে ৪৪ বছর বয়সী হাদারির পারফরম্যান্স আর কোচ হেক্টর কুপারের কৌশল আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছে মিসরকে।
অনেকেই অবশ্য সামনে তুলে আনছেন মিসরের আর্জেন্টাইন কোচ কুপারের ফাইনালের দুর্ভাগ্যকে। ভ্যালেন্সিয়াকে নিয়ে ২০০০ ও ২০০১ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি তাঁর। ২০০০ সালে রিয়ালের কাছে ৩-০ গোলে হেরেছিল তাঁর দল। পরের বছর বায়ার্ন মিউনিখের কাছে টাইব্রেকারে হারতে হয়েছিল ৫-৪ গোলে। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান কুপার। সূত্র: এএফপি।