সুযোগ ছিল রাউলকে ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের পক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ার, সুযোগটা নিতে পারেননি। ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক সামনে ছিল, ছুঁতে পারেননি সেটিও। ম্যাচে সহজ কয়েকটি সুযোগও কাজে লাগাতে পারেননি। তবুও মালাগা ম্যাচের রাতটিতেও একটি প্রাপ্তি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। এদিন অন্য রকম একটা ব্যক্তিগত পুরস্কার জিতে নিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। পেয়েছেন ক্লাবের সবচেয়ে স্বাস্থ্যবান খেলোয়াড়ের স্বীকৃতি! স্প্যানিশ বিমা কোম্পানি সানিতাস শনিবার মালাগা ম্যাচ শুরুর আগে পুরস্কারটি তুলে দিয়েছে ৩০ বছর বয়সী রোনালদোর হাতে। রিয়ালের স্পনসর এই কোম্পানি ক্লাব সমর্থকদের ভোটে বিজয়ী নির্ধারণ করেছে। রিয়াল সমর্থকেরা ভোট দিয়েছেন, তাতে ক্লাবের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়টি বিজয়ী না হয়ে পারেন! তবে পুরস্কারটির চেয়ে একটি গোলই হয়তো ওই ম্যাচে রোনালদোর কাছে বেশি প্রার্থিত ছিল। ফক্স স্পোর্টস।