
অন্য কেউ হলে শেষ বাঁশি বাজার পর হয়তো খুশিতে চিৎকার করতেন। কিংবা লাফিয়ে উঠতেন আনন্দে। কিন্তু তিনি যে জিনেদিন জিদান!
ওয়েলস ন্যাশনাল স্টেডিয়ামে শেষ বাঁশি বাজল, রিয়াল মাদ্রিদে ১২তম বারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতল, কিন্তু কোচ জিদান তখনো নির্লিপ্ত। নিজেই এগিয়ে গিয়ে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির সঙ্গে হাত মেলালেন, সান্ত্বনা দেওয়ার মতো করে একটু পিঠটাও চাপড়ে দিলেন প্রতিপক্ষ কোচের। তারপর এদিক-ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজতে লাগলেন।
কে জানে রিয়াল কোচের মনের কথা বুঝেই টেলিভিশন ক্যামেরা সেই মানুষটাকে খুঁজে বের করল কি না! সেই জেল দিয়ে নিপুণভাবে আঁচড়ানো চুল, আকর্ণবিস্তৃত হাসি। দুই হাত ছড়িয়ে হাঁটু গেড়ে মাঠের মাঝখানে বসে আছেন একটু আগে শেষ হওয়া ম্যাচটির নায়ক—ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোস আভেইরো।
‘তুরিন দুর্গের দেয়াল অভঙ্গুর’—বলে ভয় দেখাচ্ছিলেন অনেকে। রোনালদো শুধু সেই দেয়াল ভাঙেননি, চুরমার করে দিয়েছেন! জুভেন্টাসের বিপক্ষে ৪-১ গোলে জয়ী ম্যাচে দুটি গোলই পর্তুগিজ উইঙ্গারের। ম্যাচের দুদিন আগেই সাবেক জুভেন্টাস ডিফেন্ডার জিয়ানলুকা জামব্রোত্তা বলেছিলেন, ‘এ গ্রহের সেরা ডিফেন্স জুভেন্টাসের।’ কিন্তু রোনালদো যে ইদানীং এ গ্রহের নয়, অন্য গ্রহের ফুটবল খেলছেন! নইলে এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত যাঁর মাত্র দুই গোল ছিল, ফাইনাল শেষে তাঁর নামের পাশেই ১২ গোল হয় কী করে!
প্রথমার্ধে লড়াইটা তবু সমানে সমানে হয়েছে। রোনালদো প্রথম গোলটা করার পর মারিও মানজুকিচ অসাধারণ এক ব্যাক ভলিতে সমতাও ফিরিয়েছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে রিয়াল একের পর এক আক্রমণের সুনামি তুলেছে জুভের বক্সে। তাতেই লন্ডভন্ড বোনুচ্চি-বারজাল্লি-কিয়েল্লিনিদের দেয়াল। ৬১ মিনিটে কাসেমিরো এগিয়ে দিলেন রিয়ালকে, ৬৪ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলটার পরই কার্ডিফের গ্যালারিতে রিয়াল সমর্থকেরা উৎসব শুরু করে দিলেন। জুভের মিডফিল্ড তখন ছন্নছাড়া, ম্যাচে ঘুরে দাঁড়ানোর মতো অবস্থায় আছে বলে মনে হয়নি। এরপর তাই রিয়ালের আর কিছু না করলেও চলত। কিন্তু ইসকোর বদলি হিসেবে নামা অ্যাসেনসিওই বা বাদ থাকবেন কেন! ৯১ মিনিটে একেবারে পেরেক ঠুকে দিলেন জুভেন্টাসের কফিনে।
কার্ডিফে ওয়েলস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটা শেষ হওয়ামাত্রই রিয়াল খেলোয়াড়দের উৎসব শুরু। সাদা কালো জার্সির জুভেন্টাস খেলোয়াড়েরা বিমর্ষ মুখে এখানে-সেখানে দাঁড়িয়ে-বসে সেই উৎসব দেখছেন। এর মাঝেই ক্যামেরা খুঁজে পায় উদাসী জিয়ানলুইজি বুফনকে। দাঁড়িয়ে আছেন শূন্য দৃষ্টিতে। একবার গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুও মুছলেন মনে হলো!
দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোর সামনে যেকোনো দিন যে কাউকে খুব সাধারণ মনে হতে পারে। সত্যটা কিংবদন্তি বুফনও জানতেন, পরশু নিজে টের পেলেন আর কি! নইলে এবার ফাইনালের আগ পর্যন্ত পুরো চ্যাম্পিয়নস লিগে যিনি মাত্র তিন গোল খেয়েছেন, শুধু ফাইনালেই তাঁকে কেন চার গোল খেতে হবে! প্রায় দুই যুগের ক্যারিয়ারে কত অর্জন, কত কীর্তি! কিন্তু চ্যাম্পিয়নস লিগের অপ্রাপ্তি মনে হয় তাঁর ঘুচল না। বছর দুয়েক আগে বার্লিনে এমনই এক রাতে তাঁকে কাঁদিয়েছিলেন মেসি-নেইমাররা। কাল কাঁদালেন রোনালদো।
রোনালদোর বীরত্ব আর বুফনের আক্ষেপের গল্প বলতে গিয়ে জিদান একটু আড়ালে পড়ে গিয়েছিলেন! ফাইনালের নায়ক যদি রোনালদো হন, ইউরোপিয়ান ডাবলজয়ী রিয়ালের আসল নায়ক তো জিদানই। গত বছর জানুয়ারিতে যখন রিয়ালের দায়িত্ব নেন, কোচিংয়ের অভিজ্ঞতা বলতে রিয়াল ‘বি’ দলে কিছুদিন আর কিছুদিন কার্লো আনচেলত্তির সহকারী। সেই জিদানই মাত্র ১৭ মাসে রিয়ালকে জিতিয়েছেন পরপর দুটি চ্যাম্পিয়নস লিগ, একটি লা লিগা, একটি করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ!
বলা হয়, সব ভালো খেলোয়াড় সব সময় ভালো কোচ হন না। এটা অনেকের ক্ষেত্রেই হয়তো সত্যি। কিন্তু সব ভালো খেলোয়াড়ই জিনেদিন জিদান নন!