মুক্তিযোদ্ধাকে স্তব্ধ করে দিলেন অগাস্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম চার ম্যাচে টানা জয়। গত কয়েক দিন প্রশংসা-স্তুতিই শুনছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সেই দলটিই কিনা পঞ্চম ম্যাচে এসে দিশেহারা! আকাশ থেকে মাটিতে নেমে অবিশ্বাস্যভাবে ব্রাদার্সের কাছে তারা আত্মসমর্পণ করল ৫-২ গোলে!
পেনাল্টি গোল হলো তিনটি। দুটি ব্রাদার্সের, একটি মুক্তিযোদ্ধার। ব্রাদার্সের গোল উৎসবের কেন্দ্রবিন্দু হাইতিয়ান স্ট্রাইকার অগাস্টিন ওয়ালসন। ৪ গোল তাঁর, চলতি প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক। চান আরও গোল। কয়টি? ‘সম্ভব হলে ৫০টি গোল করতে চাই লিগে।’ হয়তো অতি উচ্ছ্বাসেই ব্যক্ত করেছেন এমন উচ্চাকাঙ্ক্ষা। ২০ ম্যাচের লিগে অবাস্তব স্বপ্নই বটে!
তবে এটা ঘটনা, কোস্টারিকায় খেলে আসা ২৭ বছর বয়সী স্ট্রাইকার একাই গুঁড়িয়ে দিলেন উড়তে থাকা মুক্তিযোদ্ধাকে। প্রিমিয়ার লিগে ৬ গোল নিয়ে তিনিই এখন সবার ওপরে।
দলগতভাবে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুর্দান্ত একটা দিনই কাটাল ব্রাদার্স। গতির ওপর খেলে ধাঁধায় ফেলেছে মুক্তিযোদ্ধাকে। এ ম্যাচে ব্রাদার্সের প্রতিটি খেলোয়াড় যেন একেকজন স্প্রিন্টার!
মুক্তিযোদ্ধার রক্ষণে মার্কিং, কাভারিংয়ের ছিটেফোঁটাও দেখা যায়নি। অগাস্টিনরা মনের আনন্দেই গোল করেছেন। অথচ ম্যাচের প্রথম গোলটা মুক্তিযোদ্ধারই। ২-২-ও করেছিল তারা। কিন্তু শেষ দিকে আর পারেনি এনামুলের দল। কোচ আবু ইউসুফ এটি বিশ্বাসই করতে
পারছেন না, ‘আমি স্তম্ভিত। এতই বাজে খেলেছে যে ভাষাহীন হয়ে পড়েছি!’
৪ মিনিটেই কামারার গোল কিন্তু অন্য কিছুই মনে করাচ্ছিল মুক্তিযোদ্ধাকে। ১৮ মিনিটে পেনাল্টি থেকে ১-১ করেন অগাস্টিন। বিরতির ঠিক আগে অগাস্টিনের সৌজন্যেই ২-১। নিষ্প্রভ মুক্তিযোদ্ধা অধিনায়ক এনামুল ৫৭ মিনিটে পেনাল্টিতে ২-২ করলে নড়েচড়ে বসেন অনেকে।
কিন্তু স্থায়িত্ব মাত্র এক মিনিট! পাল্টা-আক্রমণে শরিফুল করেন ৩-২। অগাস্টিনের আরও দুটি সহজ গোলে মুক্তিযোদ্ধার জন্য সন্ধ্যাটা হলো লজ্জার। আগের ম্যাচে মোহামেডানকে হারিয়েছে ব্রাদার্স। ৫ ম্যাচে ৩ জয় ১ ড্র। মুক্তিযোদ্ধাকে চমকে দিয়ে বেশ ভালো জায়গাতেই উঠে এসেছে নইমুদ্দিনের দল।