মুক্তিযোদ্ধার আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে নিশ্চয়ই আফসোসে পুড়েছেন মুক্তিযোদ্ধার ফুটবলাররা। আর কয়েক মিনিট সময় পেলে হয়তো এভাবে পয়েন্ট খোয়াতে হতো না। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় মাথা কুটেও গোলমুখ খুলতে না-পারা মুক্তিযোদ্ধা যোগ হওয়া ৪ মিনিটেই পেল দুটি গোল! বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধাকে কাল ৩-২ গোলে হারিয়েছে বিজেএমসি।

৫৩ মিনিটে এলিটা কিংসলের গোলে প্রথমে এগিয়ে যাওয়া বিজেএমসি ৬৭ মিনিটে ২-০ করে ফেলে স্যামসান ইলিয়াসুর হেডে। ৭০ মিনিটে জাকিরের গোলে ৩-০। গোল শোধে মরিয়া মুক্তিযোদ্ধা এরপর যোগ হওয়া সময়ে করে ওই দুটি গোল। ৯৩ মিনিটে জাভেদ ৩-১ করার পরের মিনিটেই আহমেদ মুসার গোলে ৩-২। এই জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আটে ব্রাদার্স, ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে মুক্তিযোদ্ধা।

জয়ে ফিরল ব্রাদার্স: এক ম্যাচ আগে রহমতগঞ্জের সঙ্গে শেষ মুহূর্তের গোলে হেরেছিল ব্রাদার্স। লিগের প্রথম পর্বের শেষটাও তাদের হার দিয়ে। তবে দ্বিতীয় পর্বটা জয় দিয়েই শুরু করেছে কমলা দলটি। টানা দুই ম্যাচ হারের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স কাল ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকারকে।

এনকোচা কিংসলের গোলে ৩৪ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। ৫০ মিনিটে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অগাস্টিন ওয়ালসন। ৭০ মিনিটে পেনাল্টি থেকে ব্রাদার্সের ব্যবধান বাড়ান ওই কিংসলে। আবাহনীর স্ট্রাইকার সানডে সিজোবার সঙ্গে যুগ্মভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা (১১টি) এখন তিনি। ৮৩ মিনিটে ফেনী সকারের সান্ত্বনাসূচক গোলটি করেন চৌমরিন রাখাইন। লিগে আজ কোনো খেলা নেই।