মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে বাঁচাতে জাপানির আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউসুকো কাতো।
ছবি: ফেসবুক

অর্থের অভাবে ধুঁকছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। প্রায় এক মাস আগে অনুশীলন শুরু করলেও ফেডারেশন কাপে তাদের খেলা নিয়ে আছে সংশয়। ক্লাবের এমন সংকটময় পরিস্থিতিতে মন কাঁদছে দলটির জাপানি ফুটবলার ইউসুকো কাতোর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও ও লিখিত বার্তায় ক্লাবের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। জাপানি কাতোর লেখায় ফুটে উঠেছে বাংলাদেশের প্রতি মুক্তিযোদ্ধাদের অবদানের গল্পও।  

২০১৮–১৯ মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জার্সিতে বাংলাদেশের ফুটবলে অভিষেক হয় কাতোর। মুক্তিযোদ্ধার জার্সিতে সব মিলিয়ে ২১ ম্যাচ খেলে ৭ গোল করা এই মিডফিল্ডারের ওপর নজর পড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। সর্বশেষ বাতিল হয়ে যাওয়া মৌসুমে শেখ জামালের হয়েই খেলেছেন এই মিডফিল্ডার। এবার আবার ফিরেছেন মুক্তিযোদ্ধায়।

কিন্তু পুরনো দলে ফিরেই দেখতে পাচ্ছেন অর্থের অভাব। অবস্থাটা এমনই যে ২২ ডিসেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপে তাঁদের মাঠে নামা নিয়েই সংশয়। দলের এমন পরিস্থিতিতে বসে থাকতে পারেননি কাতো। নতুন মৌসুমে দলটির নেতৃত্ব দেওয়ার কথা তাঁরই। তাই ব্যক্তিগতভাবে ক্লাবটিকে পৃষ্ঠপোষক করে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সবাইকে। বিশেষ করে তাঁর বার্তাটি বাংলাদেশে কাজ করা জাপানি কোম্পানিগুলোর জন্য।

আর্থিক দুর্দশায় খেলা অনিশ্চিত হয়ে উঠেছে মুক্তিযোদ্ধার।
ছবি: ফেসবুক

কাল ফেসবুকে করা তাঁর বার্তার সারাংশ হলো, ‘গর্বিত ফুটবল দলকে বাঁচাতে চাই। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ফুটবলাররা টাকা সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের খাবারের ব্যবস্থা করেছেন। ২০ তারিখ (২২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে নতুন মৌসুম। মুক্তিযোদ্ধা দলে আর্থিক সংকট। দলের কর্তারা পৃষ্ঠপোষক খোঁজার জন্য দৌড়াচ্ছেন। দলের অধিনায়ক হিসেবে আমি কিছু করতে চাই। তাই আমি দলের জন্য পৃষ্ঠপোষক খুঁজছি।’

এ মৌসুম চালিয়ে নিতে মুক্তিযোদ্ধার কত প্রয়োজন, সেটাও স্ট্যাটাসে জানিয়েছেন কাতো।