মুক্তিযোদ্ধাকে জিততে দেননি কিংসলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংসলের (ডানে) জোড়া গোল মুক্তিযোদ্ধাকে এনে দিয়েছে মহাগুরুত্বপূর্ণ এক পয়েন্ট। ছবি: বাফুফে
কিংসলের (ডানে) জোড়া গোল মুক্তিযোদ্ধাকে এনে দিয়েছে মহাগুরুত্বপূর্ণ এক পয়েন্ট। ছবি: বাফুফে

হার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছিল মুক্তিযোদ্ধা। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে লিগের দ্বিতীয় ম্যাচে এসে জয়টা যখন ধরা দিচ্ছিল, তখনই মুক্তিযোদ্ধার হৃদয় ভেঙেছেন আরামবাগের স্ট্রাইকার এলিটা কিংসলে। ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থাকা মুক্তিযোদ্ধা শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে বাড়ি ফিরেছে। মুক্তিযোদ্ধার একটি গোল আত্মঘাতী, অন্যটি করেছেন মোহাম্মদ সোহেল। আরামবাগের দুটি গোলই কিংসলের। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মুক্তিযোদ্ধার পয়েন্ট চার। তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্রয়ে সমান চার পয়েন্ট আরামবাগের।

আজ ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। আত্মঘাতী এই গোলে মুক্তিযোদ্ধার ফরোয়ার্ডদের চেয়ে দায়টা বেশি ছিল আরামবাগ ডিফেন্ডার বেঞ্জামিন জুনিয়রের। কিন্তু গোল খেয়ে কখনোই ম্যাচ থেকে ছিটকে পড়েনি আরামবাগ। গত ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারানো দলটি আজও ছিল জেতার জন্য মরিয়া। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন কিংসলে। ৪৭ মিনিটে আরামবাগকে সমতায় ফেরান এই নাইজেরিয়ান। অবশ্য বেশিক্ষণ সমতায় থাকতে হয়নি মুক্তিযোদ্ধাকে। ৫৭ মিনিটে বাঙ্গুরার ক্রস থেকে প্লেসিংয়ে সোহেল গোল করলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে মুক্তিযোদ্ধা। কিন্তু ম্যাচের ৮৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে মুক্তিযোদ্ধাকে হতাশা উপহার দেন কিংসলে।