মুখ খুলল রাশিয়া
ফিফা-কেলেঙ্কারির সাম্প্রতিকতম সংযোজন রাশিয়া বিশ্বকাপ নিয়ে বিতর্ক চলছেই। কদিন আগে সেপ ব্ল্যাটার দাবি করলেন, রাশিয়াকে ২০১৮ বিশ্বকাপ দেওয়ার সিদ্ধান্ত ভোটাভুটির আগেই হয়ে গিয়েছিল। আর ২০২২ বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র মনোনীত হওয়ার পরও সেটা পরে কাতারকে দেওয়া হয়েছে। কালও নিজের সেই কথারই পুনরাবৃত্তি করলেন। তবে রাশিয়ার বিশ্বকাপ আয়োজক কমিটিও কাল মুখ খুলেছে। তাদের দাবি, পর্দার আড়ালে কোনো সিদ্ধান্ত হয়নি।
ব্ল্যাটার কয়েক দিন আগে দাবি করেছিলেন, ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট নিকোলাই সারকোজির সঙ্গে কাতারের যুবরাজ ও প্লাতিনির একটা বৈঠকের পরেই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র থেকে কাতারে চলে গেল। কাল ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসকেদেওয়া সাক্ষাৎকারে আবারও সেই কথাই বললেন, ‘সবকিছু নেপথ্যেই হয়ে গিয়েছিল। কূটনৈতিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।’ পুরো ব্যাপারটার কলকাঠি নেপথ্যে থেকে যে সারকোজিই নেড়েছেন সেটাও স্পষ্ট করলেন, “নির্বাচনের (ভোটাভুটির) মাত্র এক সপ্তাহ আগে আমি প্লাতিনির কাছ থেকে একটা ফোন পাই। তিনি বলেন, ‘আমাকে প্রেসিডেন্ট বলেছেন পুরো ব্যাপারটা যেন আমরা আবার বিবেচনা করি। বিশেষ করে ফ্রান্সের অবস্থানটা।’ এবং তিনি আমাকে বললেন, এটা আসলে এক ভোটের ব্যাপার নয়, কারণ আরও বেশ কয়েকটি দেশ এখানে জড়িত।”
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি অবশ্য ফ্রেঞ্চ টিভি চ্যানেল বিএফএমের কাছে অভিযোগ অস্বীকার করেছেন, ‘আবারও এমন একজন অভিযোগ করলেন যাঁর ক্ষমতা আসলে আমার চেয়ে বেশি। এ রকম কোনো ইচ্ছাই আমার ছিল না।’
এমন অভিযোগের পর কাতার ও রাশিয়া নিশ্চুপই ছিল। রাশিয়াই কাল প্রথম মুখ খুলল, দেশটির ক্রীড়ামন্ত্রী ভ্লাদিমির মুতকো পরিষ্কার বলে দিলেন, ‘রাশিয়ার সঙ্গে আর কারও কোনো সংঘাত হয়নি। বিশ্বকাপ আমাদের পাওনাই ছিল। অভিযোগটা পুরোপুরি মিথ্যা।’ রাশিয়ার আয়োজক কমিটির প্রধান অ্যালেক্সি সরোকিনের দাবিও একই রকম, ‘২ ডিসেম্বর ২০১০ সালে ফিফার নির্বাহী কমিটির বৈঠকের পর যখন প্রকাশ্য ঘোষণা আসল, তখনই আমরা ব্যাপারটা জেনেছিলাম। এর আগে এই বিষয়ে আমরা কিছুই জানতাম না। আমরা বিশ্বাস করি, রাশিয়ার প্রস্তাবটা বাকিদের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক ছিল। আমরা নিশ্চিত, রাশিয়া তার পরিকল্পনার অভিনবত্বের কারণেই বিশ্বকাপের আয়োজনভার পেয়েছে।’
এত কিছুর মধ্যে ফিফার পরবর্তী সভাপতি নিয়েও নানা জল্পনা-কল্পনা চলছে। গত মে মাসের নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেও প্রত্যাহার করেছিলেন লুইস ফিগো। কাল উয়েফার মনোনীত প্রার্থী জিয়ান্নি ইনফ্যান্তিনোকেই সমর্থন দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি, ‘অভিজ্ঞতা, যোগ্যতা, কাজ করার ক্ষমতা, সততা—সবকিছু মিলিয়ে তিনিই ফিফার জন্য সেরা প্রার্থী। জিয়ান্নি নতুন যুগের ফুটবলের প্রতিনিধি, তাঁদের কাছে খেলাটাই আগে।’ এএফপি।