মুখ খুললেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত কথার চেয়ে কাজ করতেই বেশি পছন্দ করেন লিওনেল মেসি। বিতর্ক-সমালোচনা এড়িয়েই যান। কিন্তু এবার জল এত বেশি ঘোলা হয়ে গিয়েছিল, সেটা পরিষ্কার করতে মেসিকে শেষ পর্যন্ত মুখ খুলতেই হলো। বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাব ছাড়ার গুঞ্জন, কোচের সঙ্গে কথিত বিবাদ—সবকিছুই উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।
কথা বলার জন্য এর চেয়ে মোক্ষম উপলক্ষ অবশ্য আর পেতেন কি না সন্দেহ। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচটা বার্সেলোনার জন্য ছিল বড় একটা পরীক্ষা। ক্লাবের ভেতর দলা পাকিয়ে উঠছিল অস্থিরতা, মাঠের চেয়ে বাইরের খবর নিয়েই আলোচনা হচ্ছিল বেশি। তবে মাঠে সেসবের প্রভাব পড়ল না একদমই। এত দিন বার্সা যন্ত্রের তিনটি তারের সুর যেন ঠিকঠাক মিলছিল না। মিললে কী হয় সেটির একটু ঝলক দেখা গেছে কোপা ডেল রেতে আগের ম্যাচেই। আর পরশু ন্যু ক্যাম্প দেখল পূর্ণরূপে। মেসি, সুয়ারেজ, নেইমারের ‘এমএসএন’ ত্রয়ী গোল পেয়েছেন, অ্যাটলেটিকোকে বার্সা হারিয়েছে ৩-১ গোলে।
ম্যাচটা এক অর্থে আসলে মেসিময়ই ছিল, চারটি গোলেই ছিল মেসির অবদান! নিজে একটি করার পাশাপাশি সুয়ারেজ, নেইমারকে দিয়ে তো দুটি গোল করিয়েছেনই, অ্যাটলেটিকো স্ট্রাইকার মারিও মানজুকিচের পেনাল্টি গোলটাও মেসির সৌজন্যে পাওয়া। এই জয়কে মেসি আলাদা করে তো দেখবেনই, ‘জয়টার একটা বিশেষ মূল্য আছে। কারণ এটা লিগে সরাসরি আমাদের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে।’
ম্যাচ নিয়ে মেসির বক্তব্য অবশ্য ঢাকা পড়ে যাচ্ছে অন্য কথার আড়ালে। গত সপ্তাহে অনুশীলনে গরহাজির থাকার পর গুঞ্জন উঠেছিল, মেসির সঙ্গে কোচ লুইস এনরিকের শীতল সম্পর্ক চলছে। পরে মেসি ইনস্টাগ্রামে চেলসিকে অনুসরণ করার পর অনেকেই তাঁর পরবর্তী গন্তব্যটাও মিলিয়ে নিলেন। বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ অবশ্য বারবার দাবি করেছেন, মেসি কোথাও যাচ্ছেন না। এর পরও যদি কারও সন্দেহ থেকে থাকে, মেসির এই কথায় সেটাও থাকার কথা নয়, ‘ক্লাবে থাকার জন্য আমি কখনোই কিছু দাবি করিনি। চলে যাওয়ার কথা কখনোই ভাবিনি। আমি শুনেছি, আমার বাবা নাকি চেলসি আর ম্যানচেস্টার সিটির সঙ্গে কথা বলেছেন। এগুলো সর্বৈব মিথ্যা। আমি এসব অস্বীকার করছি যাতে সত্যিটা সবাই জানতে পারে।’
স্প্যানিশ প্রচারমাধ্যম দাবি করেছিল, মেসি চাইছেন এনরিকে যেন ক্লাব ছেড়ে যান। সেটাও উড়িয়ে দিলেন বার্সা ফরোয়ার্ড, ‘আমার ও লুইস এনরিকের মধ্যে দ্বন্দ্ব খোঁজার চেষ্টা করে লাভ নেই। এ রকম কিছু কখনোই ছিল না।’ এমনতর অভিযোগ ক্লাবের ঘনিষ্ঠদের কাছ থেকে এসেছে বলেই বেশি বিস্মিত মেসি, ‘আমি একটু আহত হয়েছি, কারণ বার্সেলোনাকে যারা ভালোবাসে বলে মনে করতাম তারাই এসব কথা বলছে। আগে যে রকম মাদ্রিদ থেকে আসত, এবার সে রকম হয়নি। এসব যারা বলে তারা ক্লাবের ক্ষতি করতে চায়।’
মেসিই ক্লাবের সর্বেসর্বা—এমন ধারণা গড়ে উঠেছে বেশ আগেই। ইব্রাহিমোভিচ তাঁর আত্মজীবনীতেও প্রচ্ছন্নভাবে অভিযোগটা তুলেছিলেন। মেসির দাবি, ইব্রা, গার্দিওলা, ইতো, বোজান কারও সঙ্গেই তাঁর দ্বন্দ্ব ছিল না, ‘অনেকেই বলে এখানে সব ক্ষমতা আমার হাতে, কিন্তু আমি শুধু একজন খেলোয়াড় ছাড়া আর কিছু নই।’ এএফপি।