মুখ থেঁতলে দিতে চেয়েছিলেন মরিনহো!

দুজনের সম্পর্ক কখনোই উষ্ণ ছিল না। হোসে মরিনহো তিন বছর আগে প্রিমিয়ার লিগে ফিরে আসার পর সেটি আরও বেশি তিক্ত হয়েছে। আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে কম তো কাদা ছোড়াছুড়ি হয়নি। ইংরেজ সাংবাদিক রব বিসলি তাঁর নতুন বই হোসে মরিনহো: আপ ক্লোস অ্যান্ড পারসোনাল-এ যা দাবি করেছেন, তাতে জানা যাচ্ছে সম্পর্কটা তিক্ততার চেয়েও বেশি কিছু ছিল। মরিনহো ওয়েঙ্গারের মুখ থেঁতলে দিতে চেয়েছিলেন—বিসলির দাবিটা আসলে বোমা ফাটানোর মতোই।
বেশ কয়েক বছর থেকেই মরিনহোকে অনুসরণ করছেন বিসলি, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের সঙ্গে বেশ কয়েকবার ই-মেইল ও মুঠোফোনে বার্তাও আদান-প্রদান হয়েছে। নিজের নতুন বইতে বলছেন, বাইরে থেকে যা মনে হয়, ওয়েঙ্গারের প্রতি মরিনহোর ক্ষোভ তার চেয়েও অনেক বেশি।
২০০৪ সালে মরিনহো যখন প্রথম চেলসিতে এসেছিলেন, তখন থেকেই দুজনের দ্বন্দ্বের শুরু। তবে সেটি অন্য মাত্রা পেয়েছে তিন বছর আগে স্টামফোর্ড ব্রিজে পর্তুগিজ কোচ ফিরে আসার পর। ওয়েঙ্গার চেলসির রক্ষণাত্মক কৌশল আর দলটির কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করা নিয়ে খোঁচা দেন তো মরিনহো আর্সেনালের সাফল্যখরা নিয়ে টিটকারি মারেন। দুই বছর আগে তো মরিনহো সরাসরি ওয়েঙ্গারকে ‘ব্যর্থতা-বিশেষজ্ঞই’ বলে বসেছিলেন।
কিন্তু ব্যাপারটা যে খোঁচার চেয়েও বেশি কিছু, সেটা এবার জানা যাচ্ছে। ঘটনাটা আড়াই বছর আগের। চেলসি থেকে হুয়ান মাতাকে নিয়ে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওই সময় ওয়েঙ্গার এই দলবদল নিয়ে মরিনহোকে খোঁচা দিয়েছিলেন। বিসলি জানাচ্ছেন, সেটার জবাব দিতে গিয়ে মরিনহো ওই সময় বলেছিলেন, ‘ওয়েঙ্গার মাতার এই দলবদল নিয়ে বলতে থাকলে একদিন আমি মাঠের বাইরে গিয়ে তার মুখ থেঁতলে দেব।’
২০১৪ সালে স্টামফোর্ড ব্রিজে আর্সেনাল-চেলসির ম্যাচেও মরিনহো এ রকম আরেকটা কথা নাকি বলেছিলেন, ‘আমি এখানে কিছু করতে পারছি না, তবে মাঠের বাইরে ওর সঙ্গে আমার একদিন না একদিন দেখা হবেই।’
কিন্তু ওয়েঙ্গার কী বলবেন এখন? কালই চেলসির সঙ্গে ম্যাচ। তার আগে মরিনহোর এই ‘হুমকি’ মনে করিয়ে দেওয়া হলো আর্সেনাল কোচকে। ওয়েঙ্গার অবশ্য এড়িয়েই গেলেন ফাঁদটা, ‘আমি শুধু ফুটবল নিয়েই কথা বলতে চাই। আমি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি, বইটা আমি পড়ব না।’ মেইল অনলাইন, বিবিসি।