মুখও খুলছে ওয়েলবেকের
অভিযোগ গুরুতর। ওল্ড ট্রাফোর্ডে খেলেছেন অ্যালেক্স ফার্গুসন, ডেভিড ময়েস এবং লুই ফন গালের মতো কোচদের অধীনে। তাঁরা প্রত্যেকেই ড্যানি ওয়েলবেককে খেলিয়েছেন উইংয়ে। ওয়েলবেক বলছেন, এতে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে তাঁর গড়ে ওঠার পথে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা! এই তো কদিন আগেই ফন গাল বলেছিলেন, ওয়েলবেক যথেষ্ট গোল করেননি। চ্যাম্পিয়নস লিগে গানারদের হয়ে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেই কাঠগড়ায় দাঁড় করালেন সাবেক কোচকে, ‘লোকে অবশ্যই বলতে পারে আমি যথেষ্ট গোল করিনি। কিন্তু আপনি আপনার সেরা স্ট্রাইকারদের উইংয়ে খেলান, তারপর দেখুন, তারা গোল পায় কি না!’ এএফপি।
অবশ্য নিজের দাবির সপক্ষে কথা বলছে তার পারফরম্যান্সও। যে ওয়েলবেককে বাতিলের খাতায় ফেলে বিক্রি করে দিয়েছেন লুই ফন গাল, সেই ওয়েলবেক গানারদের হয়ে শেষ ৫ ম্যাচে গোল করেছেন ৪টি। শুধু গোলসংখ্যা নয়, প্রতিটি গোলের ধরনেও নিজেকে চেনাচ্ছেন নতুন করে। বলের নিয়ন্ত্রণ, ঠান্ডা মাথায় ফিনিশিং—যেন জাত স্ট্রাইকার! ওয়েলবেকের শেষ কথায় থাকল প্রতিপক্ষ দলগুলোর জন্য প্রচ্ছন্ন হুমকিও, ‘ধীরে ধীরে এই পজিশনে অভ্যস্ত হচ্ছি আমি। অবশ্যই বল জালে পাঠাতে আমি বেশি পছন্দ করব।’