মুখেও জবাব আনচেলত্তির
বাসেলের সঙ্গে ৫-১ গোলের ওই জয়টা অনেক রিয়াল সমর্থকের মুখে হাসি ফুটিয়েছিল, সবার নয়। চ্যাম্পিয়নস লিগে শুরুটা না হয় দুর্দান্ত হলো, কিন্তু লা লিগায় যে রিয়াল মাদ্রিদের দৈন্যদশাই ছিল! প্রথম তিন ম্যাচের দুটিতে হার, সোসিয়েদাদের মতো দলের কাছে ৪ গোল খেয়ে বসা, সান্তিয়াগো বার্নাব্যুতে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর কাছে হার—সমালোচকেরা যেন পেয়ে বসেছিলেন রিয়ালকে।
জবাব দেওয়ার জন্য দরকার ছিল দুর্দান্ত কোনো পারফরম্যান্স এবং এর চেয়ে ভালোভাবে আর তা করা যেত না। গত পরশু দেপোর্তিভো লা করুনাকে ৮-২ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায়ও ছন্দে ফিরল রিয়াল। লিগে প্রতিপক্ষের মাঠে এটাই রিয়ালের সবচেয়ে বড় জয়। কিন্তু কোচ কার্লো আনচেলত্তির পরিতৃপ্তি শুধু এ কারণে নয়। সমালোচনার যে তিরগুলো ছুটে এসেছিল তাঁর দলের দিকে, পরশুর ম্যাচে যেন সেগুলো এক এক করে ফিরিয়ে দিলেন সেই সমালোচকদের দিকে। ম্যাচ শেষেও বললেন, ‘দুটি হারের পর আমরা দুই ম্যাচে ১৩ গোল করেছি। এটাই তো প্রমাণ করে, আমরা ভালো জবাব দিয়েছি।’
হ্যাটট্রিক করে রিয়ালের গোল-উৎসবে সবচেয়ে বড় অবদান ক্রিস্টিয়ানো রোনালদোর। চতুর্থ ম্যাচে এসে অবশেষে লা লিগায় নিজের প্রথম গোলটা পেলেন হামেস রদ্রিগেজ। দুটি করে গোল পেয়েছেন গ্যারেথ বেল আর হাভিয়ের হার্নান্দেজও। নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন করিম বেনজেমা। পুরো আক্রমণভাগকে এভাবে ছন্দে পেয়ে দারুণ উচ্ছ্বসিত রিয়াল কোচ, ‘আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। আমাদের আক্রমণভাগ কতটা দক্ষ আর মানসম্পন্ন, প্রতিটি সুযোগ কতটা নিপুণভাবে কাজে লাগাতে পারি—এই ম্যাচই তার প্রমাণ।’
তবে দুর্দান্ত এই জয়ের পরও পয়েন্ট তালিকায় সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে একটু পিছিয়েই আছে রিয়াল। ৪ ম্যাচ থেকে লস ব্লাঙ্কোদের পয়েন্ট ৬। সমান ম্যাচ খেলে অ্যাটলেটিকো মাদ্রিদের ৮ পয়েন্ট, প্রথম তিন ম্যাচের কোনোটিতেই হারেনি বার্সেলোনা। তবে এখনই এত কিছু নিয়ে ভাবছেন না আনচেলত্তি, ‘আপাতত যে সমস্যাগুলো ছিল, আমরা সেগুলো ঠিক করতে চাই। যা কিছু ভালো করছি, তাতেই মনোযোগী থাকতে চাই। মৌসুমটা অনেক লম্বা, পয়েন্টের ব্যবধান কমানো তাই এমন বড় কোনো সমস্যা নয়।’ এএফপি, গোলডটকম।