
ফুটবলে ‘সোনালি প্রজন্ম’ কথাটা অতি ব্যবহারে একটু ক্লিশেই হয়ে গেছে। তবে এই ওয়েলস ও বেলজিয়াম দলের জন্য বোধ হয় সেটা খুব একটা বাড়াবাড়ি হবে না। ইউরোর কোয়ার্টার ফাইনালে আজ তারা যখন মুখোমুখি, দুই দলের সামনেই ইতিহাস ছোঁয়ার হাতছানি।
ওয়েলসকেই প্রাপ্তির হাতছানি দেয় বেশি। সেই ১৯৫৮ সালের পর আর এই ইউরো দিয়েই আবার কোনো বড় আসরে পা রাখা ওয়েলসের। এর মধ্যে ইয়ান রাশ, রায়ান গিগসদের মতো তারকারা ওয়েলশ ফুটবলের ইতিহাস রাঙিয়েছেন। কিন্তু বিশ্বকাপ, ইউরোতে দেশটিকে দর্শক হয়েই থাকতে হয়েছে। আবার যখন সেই সুযোগ মিলল, ওয়েলস সেটি দুই হাত ভরেই নিয়েছে। ১৯৫৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল, আজ সেই কীর্তি ছাড়িয়ে যাওয়ার সুযোগ। ওয়েলসের জন্য ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, রিয়াল মাদ্রিদ উইঙ্গার গ্যারেথ বেলের এই কথাই তা বলে দেয়, ‘৫৮ সালের কোয়ার্টার ফাইনালের কথা আমরা জানি। এরপর এটাই ওয়েলসের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা শুধু উপলক্ষটা উপভোগ করতে চাই। আমার মনে হয়, সেটা করতে পারলেই আমরা সেমিতে যেতে পারব।’
বেলজিয়ামের জন্য ব্যাপারটা অবশ্য অতটা রোমাঞ্চকর নয়। এই দলটিকে বেলজিয়ান ইতিহাসের অন্যতম সেরা বলা হচ্ছে বেশ কয়েক বছর থেকেই। ২০১৪ বিশ্বকাপের শেষ আটেও গিয়েছিল বেলজিয়াম, কিন্তু মাঠের খেলায় সেভাবে মন ভরাতে পারেনি। এই ইউরোও শুরু ইতালির কাছে হেরে। কিন্তু এরপর থেকেই একটু একটু করে খোলস ছেড়ে বেরিয়েছে। দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত এক জয়ে আভাস দিয়েছে, তাদের শেষ পর্যন্ত যাওয়ারও ক্ষমতা আছে। এখন যেভাবে খেলছে, বেলজিয়ামের দৌড় শেষ আটে থেমে গেলে সেটা তাদের জন্য হবে ব্যর্থতা।
সাম্প্রতিক ইতিহাস অবশ্য ওয়েলসকেই আশা দেখাচ্ছে। গত চার বছরে দুই দলের চার ম্যাচের তিনটিতেই অপরাজিত ওয়েলস। কার্ডিফে ইউরো বাছাইপর্বের জয়টা তো ওয়েলসের জন্য স্মরণীয়। ওই ম্যাচে যিনি গোল করেছিলেন, আজও সেই বেলের দিকেই তাকিয়ে থাকবে ওয়েলস। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছেন, তিন গোলও করে ফেলেছেন। আজকের ম্যাচের আগে কার্ডিফের ওই স্মৃতিটাই বেলের অনুপ্রেরণা, ‘এখন পর্যন্ত ওটাই ওয়েলসের হয়ে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। বিশেষ করে, বাছাইপর্বের ওই সময়ে। ওটা ছিল আমার ৫০তম গোল, সে কারণে আমার জন্যও গোলটা ছিল অন্য রকম। ওই ম্যাচের পরেই আমাদের বিশ্বাস জন্মেছে, আমরা বড় দলকেও হারাতে পারি।’
বেল যদি হন ওয়েলসের, বেলজিয়ামের সোনালি প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল প্রতিনিধি অবশ্যই এডেন হ্যাজার্ড। ইউরোর শুরুতে একটু গুটিয়ে ছিলেন, কিন্তু এখন হ্যাজার্ড সৌরভ ছড়াতে শুরু করেছেন তীব্রভাবেই। হাঙ্গেরির সঙ্গে অসাধারণ একটি গোলের আগে একটি গোল করিয়েছেন। আজকের ম্যাচটা আবার তাঁর জন্য একটু অন্য রকমও। এই লিলেই মাত্র ১৫ বছর বয়সে পা রেখেছিলেন কিশোর হ্যাজার্ড, এখানেই আলো ছড়িয়ে আসেন পাদপ্রদীপে। আজকের ম্যাচে হ্যাজার্ড খেলেন কি না, তা নিয়ে একটু সংশয় জেগেছিল। দুই দিন আগে চোট পেয়েছিলেন অনুশীলনে। কাল অনুশীলনে অবশ্য ফিরেছেন, আজ মাঠেও নামার কথা। সেমিফাইনালে যেতে হলে হ্যাজার্ডকে আজ বেলজিয়ামের খুব দরকার! এএফপি, রয়টার্স।
০
ইউরো বাছাইপর্বে দুই দলের আগের দুই দেখায় বেলজিয়াম একটি গোলও করতে পারেনি।