আজ রাত সাড়ে ১০টায় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ‘যুদ্ধে’ নামছে লিভারপুল। ‘যুদ্ধ’ই বটে। ফুটবল মাঠে শিরোপার লড়াই ফুটবলারদের কাছে যুদ্ধই তো? কারাবাও কাপ (ইংলিশ লিগ কাপ/ইএফএল কাপ) জেতার লড়াইয়ে আজ মাঠে নামবে ইংলিশ ফুটবলের দুই পরাশক্তি চেলসি ও লিভারপুল।
শিরোপার গুরুত্বের দিক দিয়ে প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নস লিগের চেয়ে বেশ পিছিয়ে ইংলিশ লিগ কাপ। কিন্তু দিন শেষে এটাও তো একটা শিরোপা!
চেলসি আর লিভারপুল, দুই ক্লাবের কাছেই আজকের ফাইনালটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আরেকটা বিশেষ কারণে। দুই দলই বহুদিন ধরে এই শিরোপার স্পর্শ পায় না। সেই ২০১৫ সালে সর্বশেষ লিগ কাপ জিতেছিল চেলসি। জোসে মরিনিওর অধীনে সেবার ফাইনালে টটেনহাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছিল দলটা। গোল করেছিলেন অধিনায়ক জন টেরি ও স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা।
লিগ কাপের জন্য লিভারপুলের আক্ষেপ অবশ্য আরও পুরোনো। সেই ২০১২ সালে কেনি ডালগ্লিশের অধীনে সর্বশেষ লিগ কাপের ছোঁয়া পেয়েছিল অল রেডরা। ফাইনালে কার্ডিফ সিটিকে পেনাল্টি শুটআউটে হারিয়ে সেই যে শিরোপা জিতেছিল দলটা, এরপর আর লিগ কাপ জেতা হয়নি লিভারপুলের।
দুই দলের দুই কোচ ইয়ুর্গেন ক্লপ ও টমাস টুখেলের জন্যও অন্য রকম উপলক্ষ আজকের এই ফাইনাল। ইংলিশ লিগ, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও সুপার কাপ জেতা ক্লপ এখনো ইংল্যান্ডের ঘরোয়া কাপ প্রতিযোগিতায় শিরোপা জেতেননি। ২০১৬ সালে ফাইনালে উঠেও হেরেছিলেন মানুয়েল পেল্লেগ্রিনির ম্যানচেস্টার সিটির কাছে। ওদিকে টুখেলেরও একই দশা। গত মৌসুমের মাঝামাঝিতে চেলসির দায়িত্ব নেওয়া এই কোচ এখনো ইংল্যান্ডের কাপ প্রতিযোগিতায় সফল হননি।
সব মিলিয়ে লিগ কাপের সবচেয়ে সফল দল যৌথভাবে লিভারপুল, ম্যানচেস্টার সিটির পাশাপাশি আটবার শিরোপা জিতেছে তারা। ওদিকে চেলসি শিরোপা জিতেছে পাঁচবার।
একনজরে দেখে নিন এই ম্যাচ নিয়ে জানার বিষয়গুলো!
ভেন্যু: ওয়েম্বলি স্টেডিয়াম
সময়: রাত সাড়ে ১০টা
যে চ্যানেলে দেখবেন: এমটিভি
চেলসির হয়ে খেলার সম্ভাবনা কম/নেই যাদের: বেন চিলওয়েল, রিস জেমস, আন্দ্রেয়া ক্রিস্টেনসেন
লিভারপুলের হয়ে খেলার সম্ভাবনা কম/নেই যাদের: রবার্তো ফিরমিনো, দিওগো জোতা
চেলসির সম্ভাব্য একাদশ (৩-৪-২-১) :
মেন্দি
চালোবা-থিয়াগো সিলভা-রুডিগার
আজপিলিকেতা-কান্তে-কোভাচিচ-আলোনসো
জিয়াশ-হাভার্টজ-মাউন্ট
লিভারপুলের সম্ভাব্য একাদশ (৪-৩-৩):
কেলেহার
অ্যালেক্সান্ডার আরনল্ড-মাতিপ-ফন ডাইক-রবার্টসন
হেন্ডারসন-ফাবিনিও-থিয়াগো
সালাহ-দিয়াজ-মানে