মুখোমুখি তাঁরা দুজন
একজন চুলে জেল মেখে চুইংগাম চিবোতে চিবোতে নামবেন। মুখে বিস্তৃত হাসি। আরেকজন হয়তো একটু স্নায়ুচাপে ভুগতে পারেন, বড় আসরের প্রথম ফাইনাল বলে কথা। তবে কাল দুজনেরই চোখ থাকবে চ্যাম্পিয়নস লিগের ট্রফির ওপর।
জিয়ানলুইজি বুফনের যখন সিরি ‘আ’তে অভিষেক হয়েছে, মার্ক আন্দ্রে টের-স্টেগেন তখন মাত্র কথা বলতে শিখছেন। বুফন ক্যারিয়ারের প্রায় সায়াহ্নে পৌঁছে গেছেন, আর টের-স্টেগেন সবে সূর্যোদয় পেরিয়ে আলো ছড়ানোর অপেক্ষায়। কাল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দুই দলের দুই গোলরক্ষককে দাঁড় করিয়ে দিচ্ছে প্রতিপক্ষ হিসেবে। এখন পর্যন্ত দুজনেই নিজেদের কাজটা ভালোমতোই করেছেন। বুফন এখন পর্যন্ত প্রতিযোগিতায় সবচেয়ে কম (৭টি) গোল খেয়েছেন, টের-স্টেগেন খেয়েছেন এর চেয়ে তিনটি বেশি। বুফনের কাছ থেকে এটা অবশ্য প্রত্যাশিতই, তবে প্রথম মৌসুমেই টের-স্টেগেনের এমন নির্ভরতা হয়ে ওঠা অনেকেই আশা করেননি।
কে জানে, শেষ পর্যন্ত হয়তো জুভেন্টাসের বুফন বা বার্সেলোনার টের-স্টেগেনই গড়ে দেবেন ব্যবধান। তবে ২৩ বছর বয়সী তরুণ তুর্কিকে বুফন ভরিয়ে দিচ্ছেন প্রশংসায়, ‘সে জার্মানিতে দারুণ করেছে। এখন বার্সেলোনার হয়েও সে ভালো করছে। সে দৃঢ়চেতা এক তরুণ, টেকনিক্যালিও দুর্দান্ত।’ মার্কা।