মুখোমুখি দুই 'চ্যাম্পিয়ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে যা ছিল রূপকথা, এবার সেটাই অ্যাটলেটিকো মাদ্রিদের বড় চ্যালেঞ্জ। স্বপ্নের মতো একটা মৌসুম কাটিয়ে গতবার লা লিগার চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হয়েছিল অ্যাটলেটিকো। ওই সাফল্য যে ‘ঝড়ে বক মরা’ ছিল না, এবার তা প্রমাণের চ্যালেঞ্জ সামনে।
লা লিগায় মৌসুমের শুরুটা এবারও মন্দ হয়নি অ্যাটলেটিকোর। ৬ ম্যাচে ৪ জয়, দুটি ড্র। পয়েন্ট তালিকায়ও বার্সেলোনা-ভ্যালেন্সিয়ার পরেই ৩ নম্বরে অবস্থান। কিন্তু চ্যাম্পিয়নস লিগে গতবারের রানার্সআপরা এবার হেরে গেছে অলিম্পিয়াকসের কাছে প্রথম ম্যাচেই। আজ সিরি ‘আ’র চ্যাম্পিয়ন জুভেন্টাসের সামনে তাই বড় পরীক্ষাই দিতে হবে লা লিগা চ্যাম্পিয়নদের।
লিগে ২৭ এবং চ্যাম্পিয়নস লিগে ৮ গোল করে গত মৌসুমে অ্যাটলেটিকোর সাফল্যের অন্যতম নায়ক ছিলেন ডিয়েগো কস্তা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার চেলসিতে পাড়ি জমানোর পর থেকে গোল পাওয়া কিছুটা কঠিন হয়ে গেছে অ্যাটলেটিকোর জন্য। লিগে শুরুর ছয় ম্যাচে যেখানে রিয়াল মাদ্রিদ গোল করেছে ২০টি, বার্সেলোনা ১৭, সেখানে প্রতিপক্ষের জালে অ্যাটলেটিকো বল জড়াতে পেরেছে মাত্র ১১ বার। সিরি ‘আ’তে এ মৌসুমে এখন পর্যন্ত কোনো গোল না খাওয়া জুভেন্টাসের রক্ষণ ভাঙা আজ তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ অ্যাটলেটিকোর।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্ব থেকেই বিদায় হয়ে গিয়েছিল জুভেন্টাসের। এবার শুরুটা খারাপ হয়নি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলের। প্রথম ম্যাচে সুইডিশ ক্লাব মালমোর সঙ্গে জিতেছে কার্লোস তেভেজের জোড়া গোলে। দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকারকে আজ সামলাতে পারবে অ্যাটলেটিকোর রক্ষণভাগ? এএফপি।
আজ মুখোমুখি
অ্যাটলেটিকো : জুভেন্টাস
মালমো : অলিম্পিয়াকস
বাসেল : লিভারপুল
লুদোগোরেৎস : রিয়াল মাদ্রিদ
জেনিত : মোনাকো
লেভারকুসেন : বেনফিকা
আন্ডারলেখট : ডর্টমুন্ড
আর্সেনাল : গ্যালাতাসারাই
*প্রথমে স্বাগতিক দল