সারা ঢাকা শহরে ছড়িয়ে-ছিটিয়ে আছে ব্যানার-প্ল্যাকার্ড। ফুট ওভারব্রিজ থেকে শুরু করে রাস্তার পাশের হোর্ডিংয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের বিজ্ঞাপন। এত দিন টুর্নামেন্টের উত্তাপ ছিল শুধু প্রচারণার মধ্যেই। তবে আজ থেকে সত্যিই রাজধানী মেতে উঠবে ফুটবলের আনন্দে। অনেক অপেক্ষার পর বঙ্গবন্ধু গোল্ডকাপ সিলেটে শুরু হয়েছে গত ২৯ জানুয়ারি। সিলেটে গ্রুপপর্বের তিনটি ম্যাচ শেষে আজ থেকে শুরু বঙ্গবন্ধু কাপের ঢাকা-পর্ব। আজ বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাহরাইন ও সিঙ্গাপুর। গ্রুপপর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
সিলেটে টুর্নামেন্ট শুরু হওয়ায় বাহরাইন ছাড়া অন্য দলগুলো সরাসরি চলে গিয়েছিল সেখানে। ঢাকায় খেলা থাকায় সবার পরে বাংলাদেশে আসা বাহরাইনের আর সেখানে যাওয়ার দরকারই পড়েনি। পরশু রাতে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা উঠেছে তারা হোটেল সোনারগাঁয়ে। সারা দিন বিশ্রামের পর বিকেলে আর্মি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাহরাইন। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের (১৫৭) চেয়ে ৪০ ধাপ এগিয়ে বাহরাইন (১১০) জাতীয় দল। ঢাকায় খেলতে আসা তাদের অনূর্ধ্ব-২৩ দলও যথেষ্ট শক্তিশালী। বাহরাইন কোচ আদ্রিয়ান হুইটব্রেডও অনুশীলন শেষে জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন হওয়াই তাঁদের লক্ষ্য, ‘আমরা একঝাঁক প্রতিভাবান ফুটবলার নিয়ে এসেছি, ওরা এই টুর্নামেন্টে বিশেষ কিছু করে দেখাতে চায়। টুর্নামেন্টের ফেবারিট হিসেবে আশা করি চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরব আমরা।’
পরশু গ্রুপপর্বে সিলেটে থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছে সিঙ্গাপুর। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ তাদের জিততেই হবে। তবে সরাসরি জয়ের কথা বলতে পারলেন না সিঙ্গাপুরের কোচ রিচার্ড বক, তাঁর মুখে লড়াইয়ের প্রতিশ্রুতি, ‘আমরা জানি, বাহরাইন এই টুর্নামেন্টের ফেবারিট দল। তবে আমরাও আশা করি, ভালোই খেলব।’
বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের কাছে সর্বশেষ সাক্ষাতে ৩-২ গোলে হেরেছিল সিঙ্গাপুর। সেসব ভুলে আজকের ম্যাচ নিয়েই ভাবছেন বক, ‘সর্বশেষ ম্যাচে আমরা বাহরাইনের কাছে হেরেছিলাম। আগামীকাল (আজ) কী ফল হবে সেটা নিয়ে তাই কিছু ভাবছি না। তবে আশা করি, জমজমাট একটা ফুটবল ম্যাচ হবে।’