মুগ্ধ হওয়ার মতোই এক গোলকিপার পেয়েছে চেলসি
সুযোগ ছিল ফ্রিতে এসি মিলান থেকে ইতালিয়ান ইউরোজয়ী গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে ভেড়ানোর।
কিন্তু চেলসি সে সুযোগ নেয়নি। আস্থা রেখেছিল এদুয়ার্দ মেন্দির ওপর। সেনেগালের এ গোলকিপারের ওপর ভরসা রেখে যে ভুল করেনি লন্ডনের দলটা, সেটি যেন প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন মেন্দি। গত রাতে লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। তবে মেন্দি না থাকলে যে কী হতো, সেটি নিয়ে প্রশ্ন থাকছেই!
ম্যাচে গোল বরাবর ১৭টি শট নেয় একটি দল। আরেকটি দল মেরেছে মাত্র ৫টি শট। ৫টি শট লক্ষ্যে রাখতে পেরেছে একটি দল, অন্য দলটি পেরেছে মাত্র ১টি। প্রথম দল গোলপোস্টে লাগিয়েছে ৩টি শট, দ্বিতীয় দলের ১টি শটও পোস্টে লাগেনি। ফলে, স্বাভাবিকভাবেই প্রথম দলের গোলকিপারের চেয়ে দ্বিতীয় দলের গোলকিপার দারুণ সব সেভ করেছেন। প্রথম দলের গোলকিপারকে যেখানে একটিও সেভ করতে হয়নি, দ্বিতীয় দলের গোলকিপার গুনে গুনে আধা ডজন সেভ করেছেন।
তাও দিন শেষে প্রথম দলটি পরাজিতের কাতারে। পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার হাসি হেসেছে দ্বিতীয় দল। কারণ? দ্বিতীয় দলের গোলকিপার যে ছিলেন এই এদুয়ার্দ মেন্দি!
অন্য স্তরের গোলকিপিং করেছেন সেনেগালের এ গোলকিপার। পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার জন্য তাই গোলদাতা বেন চিলওয়েল নয়, বরং গোলকিপার মেন্দিকেই বড় একটা ধন্যবাদ দিতে পারে কয়েক মাস আগেই চ্যাম্পিয়নস লিগ জেতা চেলসি।
চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রেও এই মেন্দির ছিল বিশাল ভূমিকা। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচ খেলে ৯টিতেই কোনো গোল খাননি মেন্দি। ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে এসে এর আগে কোনো গোলকিপার এত বেশি ম্যাচে গোল না খেয়ে থাকেননি। এমন এক রত্ন যাদের হাতে, সেই চেলসি কীভাবে এই রত্নের সদ্ব্যবহার না করে জিয়ানলুইজি দোন্নারুম্মার দিকে নজর দেয়?
ম্যাচ শেষে কোচ টমাস টুখেলের কণ্ঠেও তাই ঝরেছে মেন্দির প্রতি প্রশংসা, ‘গোটা ম্যাচে ও দুর্দান্ত খেলছে, অনেক শক্তিশালী ছিল সে। সেটপিসে ব্রেন্টফোর্ড ভয়ংকর ছিল। তারা অনেক ফ্রি কিক নিয়েছে, আমাদের বক্সে এসে শট মেরেছে। নিয়মিত ভীতি জাগিয়েছে।’ সেই ভীতিমুক্তির কাজ যে মেন্দিই করেছেন, সেটা বলাই বাহুল্য!
মেন্দির ওপরে ভর করেই এখনো লিগ টেবিলের শীর্ষে আছে চেলসি। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে টুখেলের দল। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতকাল ওয়াটফোর্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করা লিভারপুল।