মুদ্রার উল্টো পিঠও দেখছেন জিদান
একটা বর পেলে দুটি ম্যাচের ফল বদলে ফেলতে চাইতেন জিনেদিন জিদান। লিগে সেভিয়া আর কোপা ডেল রের শেষ আটের প্রথম লেগে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দুটির ফল।
গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে হেরেই টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার দৌড় শেষ হয়েছে বার্নাব্যুর দলটির। এর দিন কয়েক পরই সেল্টা ভিগোর কাছে হার। টানা দুটি হারের পর কোচ হিসেবে মুদ্রার উল্টো পিঠটাও দেখে ফেলেছেন জিদান। দায়িত্ব নেওয়ার পর উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতায় প্রশংসার পর প্রশংসাই শুনে এসেছেন। সেই রিয়ালই এখন সমালোচনার তিরে বিদ্ধ। কিন্তু জিদান মনে করেন, দলের সমালোচনা করার সময় এখনো আসেনি, ‘দলটির ফিটনেস ঠিকই আছে। শেষ পর্যন্ত আমাদের লড়াই করে যেতে হবে। কাজেই আমি মোটেও চিন্তিত নই।’ এরপরই বললেন আসল কথাটা, ‘যা বলা হচ্ছে (আমাদের নিয়ে), তা শুনে মনে হতে পারে আমাদের অবস্থান যেন তলানিতে। কিন্তু (কোপা ডেল রেতে) আমাদেরও ভালো সম্ভাবনা আছে।’
কোপা ডেল রের শেষ চারে রিয়াল উঠেছে কি না, পত্রিকা পাঠকের হাতে যাওয়ার আগেই অবশ্য ঠিক হয়ে গেছে। গতকাল রাতেই সেল্টা ভিগোর মাঠে দ্বিতীয় লেগ খেলে ফেলেছে রিয়াল। জিতেছে কি? মার্কা।