মুন্নাকে ভোলেনি ইস্টবেঙ্গল

মোনেম মুন্নাকে আজও ভোলেনি ইস্টবেঙ্গল। ভোলা কি যায়!
জীবনে আসল লড়াইটায় জিততে পারেননি। মাত্র ৩৯ বছর বয়সে পরপারে পাড়ি জমান মুন্না। বাংলাদেশের ফুটবল তাঁকে মনে রেখেছে, রাখবে। এতগুলো বছর পরও ভোলেনি ইস্টবেঙ্গলও। প্রায় শত বছরের ঐতিহ্যের কলকাতার এই পরাশক্তি মনে রেখেছে তাদের হয়ে মাঠ মাতানো ‘কিং ব্যাক’কে।
শেখ কামাল টুর্নামেন্ট খেলতে এসে ইস্টবেঙ্গল কোচ-কর্মকর্তাদের মুখে বারবার ঘুরেফিরে আসছে মুন্নার নাম। শ্রদ্ধায়, ভালোবাসায় স্মরণ করছেন প্রিয় ফুটবলারকে। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তাঁর প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলেন, ‘এপার বাংলা থেকে আপনাদের অনেক ফুটবলারই খেলেছে ইস্টবেঙ্গলে। আসলাম, রুমি, গাউস...। তবে সবাইকে ছাপিয়ে আমাদের মনে মুন্না আছে আলাদাভাবে।’
ঠিক এই কথাটাই কাল শোনা গেল ইস্টবেঙ্গলের দলনেতা স্বপন বলের স্মৃতিচারণায়ও। আগের রাতে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে আট ক্লাবের আন্তর্জাতিক এই টুর্নামেন্টে শুভসূচনা করে ইস্টবেঙ্গল শিবির বেশ খুশি। সেই খুশির আবহের মধ্যেই ফিরে ফিরে আসছিল মুন্নার কথা। মুন্না যেন জীবন্ত, ১৩৬টি ট্রফিজয়ী ইস্টবেঙ্গলের অলংকার হয়ে আছেন আজও।
স্বপনের কথায় সেই প্রতিধ্বনি, ‘মুন্না তিনটি মৌসুম (১৯৯১, ১৯৯৩ ও ১৯৯৫) খেলেছেন ইস্টবেঙ্গলে, ওই তিনবারই কলকাতা লিগে ইস্টবেঙ্গল ছিল চ্যাম্পিয়ন। ওঁর মতো ফুটবলার ভারতবর্ষে কমই এসেছে। আজও ইস্টবেঙ্গল সমর্থকেরা মুন্নার কথা বলতে পাগল। শুধু বাংলাদেশ থেকে যাওয়া ফুটবলার নয়, অন্য অনেক বিদেশির মধ্যে ওঁর মতো জনপ্রিয়তা কেউ পায়নি।’
নব্বইয়ে এপার বাংলার একঝাঁক ফুটবলার খেলতে গিয়েছিলেন কলকাতায়। কায়সার হামিদ, রুম্মান বিন ওয়ালি সাব্বিররা মোহামেডানে। আসলাম, মুন্নাদের পর রকিব, মিজানরাও নাম লেখান ইস্টবেঙ্গলে। তাঁদের দলে নিতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ইস্টবেঙ্গলের প্রয়াত সাধারণ সম্পাদক পল্টু দাস, স্বপন বল তখন দলের ম্যানেজার। মুন্নার জনপ্রিয়তা তাই কাছ থেকেই দেখেছেন স্বপন, ‘মুন্নাকে দেখতে ক্লাব লনে লম্বা লাইন পড়ত। দুর্ধর্ষ ফুটবল খেলেছিল লাল-হলুদ জার্সি গায়ে। রাস্তায় বেরোলে সমর্থকেরা পিছু নিত। মুন্নার যে ইমেজ, ওঁর চাল-চলন, কথাবার্তা; সবই প্রবলভাবে আকৃষ্ট করেছিল ইস্টবেঙ্গল সমর্থকদের।’
এই ভালোবাসার পেছনে ইস্টবেঙ্গলের সঙ্গে এই বাংলার আত্মিক সম্পর্কটাকে মেলাতে পারেন অনেকে। ১৯২০ সালে ইস্টবেঙ্গল দলটা যাঁরা গড়েছিলেন, সবারই শেকড় ছিল তখনকার পূর্ব বাংলায়। এটি আসলে পূর্ব বাংলারই ক্লাব, নামেও প্রমাণ। তাই বর্তমান বাংলাদেশের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্কটাও অন্য রকম। বাংলাদেশের ফুটবলারদের এত ভালোবাসার সেটিও একটা কারণ। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের পূর্বপুরুষের বাড়ি ফরিদপুর। তাই এ দেশের এসেই তাঁর প্রথম কথা ছিল, ‘যেন নিজের ঘরে এলাম।’
মুন্নারও নিশ্চয়ই ইস্টবেঙ্গলে খেলার সময় মনে হয়নি, ভিনদেশের কোনো ক্লাবে গিয়ে খেলছেন। তাই ক্লাবের জন্য উজাড় করে দিয়েছিলেন নিজেকে। আর সেই ভালোবাসার ভার আজও বয়ে বেড়াচ্ছে কলকাতার দলটি। আজও তাদের কাছে মুন্না ‘কিং’, ‘রাজা’।
মুন্না কি শুনছেন? যেখানেই থাকুন, তাঁর আত্মা নিশ্চয়ই আজ তৃপ্ত!