মুন্সিগঞ্জে পয়েন্ট নষ্ট আবাহনীর, টানা ২ জয়ে শীর্ষে শেখ জামাল
মুন্সিগঞ্জে উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে এবারের প্রিমিয়ার লিগ শুরু করেছিল শেখ জামাল ধানমন্ডি। টঙ্গীতে আজ তারা মুক্তিযোদ্ধার বিপক্ষে জিতেছে ৩-০ গোলে।
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দুই ম্যাচের একটি হেরেছে, অন্যটিতে পেয়েছে জয়। আবাহনী লিমিটেড আজ মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশের সঙ্গে ড্র করায় দুই ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। দুই পরাশক্তি পয়েন্ট হারানোয় টানা দুই জয়ে গতবারের রানার্সআপ শেখ জামাল এখন শীর্ষে।
দলের পেছনে বিনিয়োগ বিবেচনা করলে বেশ ভালোভাবেই এগোচ্ছে শেখ জামাল। আজ বড় জয়ের পর দলটির ফুটবলারদের দেখে মনে হলো যেন এক সুখী পরিবার। ফুটবলার, কোচ—সবাই খুশি। কর্মকর্তা ও সাবেক জাতীয় ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ড্রেসিংরুমে দাঁড়িয়ে প্রথম আলোকে বললেন, ‘আমরা আবাহনীর কাছে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ৬-০ গোলে উড়ে গিয়েছিলাম। তবে যে আমরা ৬ গোল খাওয়ার দল নই, সেটা লিগের প্রথম দুই ম্যাচে প্রমাণ করেছি। একটা সুখী পরিবারের মতোই আছি আমরা।’
আজকের জয়ে অবদান রেখেছেন প্লেমেকার সলোমন কিং। শেখ জামালের আক্রমণের প্রাণ মাঠে নিজেকে আলাদাভাবে তুলে ধরেন। গোলমুখে বল নিয়ন্ত্রণ রাখার বাড়তি ক্ষমতা আছে তাঁর। সেই কাজটা আজও করেছেন। ফলে মুক্তিযোদ্ধার রক্ষণভাগকে পড়তে হয় বিপদে।
২০ মিনিটে সলোমনের দুর্দান্ত এক শট প্রতিহত মুক্তিযোদ্ধার ক্রসবারে। পরক্ষণেই সলোমনকে গোলবঞ্চিত করা যায়নি। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দারুণ এক হেডে করে দিলেন ১-০। হেডের সময় তাঁর মাথায় আঘাত লাগে। তাই গোলের আনন্দটা উদ্যাপনই করা হয়নি সলোমনের। যেতে হয়েছে মাঠের বাইরে। তবে দ্রুত চিকিৎসা নিয়েই মিনিট দুয়েকের মধ্যে মাঠে ফিরে আসেন তিনি।
৩৬ মিনিটে দ্বিতীয় গোল পেয়েছে শেখ জামাল। সাইডব্যাক থেকে এখন পুরোদস্তুর স্টপার বনে যাওয়া রায়াহান হাসানের লম্বা থ্রো থেকে হেডে স্কোলরাইন ২-০ করেন নইজেরিয়ান স্ট্রাইকার চিনেদু ম্যাথিউ। দ্বিতীয়ার্ধে গোলকিপারকে কাটিয়ে সহজেই ৩-০ করেন চিনেদু। লিগে এটি তাঁর তৃতীয় গোল। আর এই গোল দেখে মাঠে উপস্থিত আশরাফ উদ্দিন চুন্নু বললেন, ‘গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল পাঠানোর অনেক স্মৃতি আছে আমার। চিনেদুর গোল দেখে সেটাই মনে পড়ে গেল।’