মুরের বাড়িতে নীল নামফলক

৪৩, ওয়েভারলি গার্ডেনস, বার্কিং, ইস্ট লন্ডন।
খুব সাদামাটা ঠিকানা। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট কিংবা ২২১ বি বেকার স্ট্রিটের মতো এত বিখ্যাত নয় যে মানুষ শুনেই বুঝে ফেলবে বাড়িটা কার। বাইরে থেকে দেখতেও আহামরি নয়। সুতরাং এ বাড়িতে যে একসময় একজন বিখ্যাত মানুষ থাকতেন, সেটি জানা কঠিনই।
একটু ভুল হলো। কঠিন ছিল এত দিন। এখন আর নয়। গত পরশু ইংলিশ হেরিটেজের বিখ্যাত নীল নামফলক বসেছে বাড়ির দেয়ালে। গোটা গোটা অক্ষরে সেখানে পরিষ্কার লেখা—‘ববি মুর (১৯৪১-১৯৯৩), ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক থাকতেন এ বাড়িতে।’
মুরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এর চেয়ে বেশি বলাটা বাহুল্য। ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক (১৯৬৬)। ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা সেন্টারব্যাক, ওয়েস্ট হাম কিংবদন্তি—এসব পরিচয় খুব স্বাভাবিকভাবেই ওই পরিচয়ের আড়ালে ঢাকা পড়ে গেছে।
মুর তাঁর কীর্তি রেখে না-ফেরার দেশে চলে গেছেন মাত্র ৫১ বছর বয়সে, ১৯৯৩ সালে। কিন্তু তাঁর অনেক স্মৃতির একটা হয়ে থেকে গেছে এই বাড়িটা। জন্মের পর ২১ বছর বয়স পর্যন্ত এখানে বড় হয়েছেন মুর। এ বাড়ির কাছেই গ্রেটফিল্ডস পার্ক থেকেই তাঁর ফুটবলার হিসেবে যাত্রা শুরু। এত দিন পরে তাই বাড়িটাকে আনুষ্ঠানিকভাবে ইংলিশ ঐতিহ্যের অংশ করে নেওয়া হলো। এ কাজটা করে ‘ইংলিশ হেরিটেজ’ নামে একটি সংস্থা। ইংল্যান্ডের প্রায় ৫০০ বছরের ইতিহাসে সব ঐতিহ্যকে চিহ্নিত করে সেখানে নীল নামফলক লাগিয়ে দেওয়া হয়। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তির দিন কয়েক আগে প্রথম ফুটবলার হিসেবে এ সম্মানটা পেলেন মুর।
নামফলক বসানোর অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মুরের মেয়ে রবার্তা মুর। বাবাকে এভাবে সম্মানিত হতে দেখে গর্বিত তিনি, ‘এটা আমার সন্তানদের জন্যও সুযোগ তাদের নানাকে আরও ভালো করে চেনার। দুঃখজনকভাবে তারা আমার বাবার সঙ্গে পরিচিত হতে পারেনি। এত দিন শুধু ছবি আর ভিডিও দেখেছে। এ অনুষ্ঠানের মাধ্যমে সেই সুযোগটা আরও বাড়ল।’
কিংবদন্তিকে সম্মান জানাতে পেরে আনন্দিত ইংলিশ এফএর চেয়ারম্যান গ্রেগ ডাইকও, ‘যাঁরা ফুটবল নিয়মিত অনুসরণ করেন না তাঁরাও ববি মুরের নামটা জানেন। তিনি একজন কিংবদন্তি এবং ইংল্যান্ডের সত্যিকারের নায়ক।’ গার্ডিয়ান।