মুলারকে ধরেছে স্মৃতিঘাতী আলঝেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির দুই মুলার—জার্ড (ডানে) ও টমাস l ফাইল ছবি
জার্মানির দুই মুলার—জার্ড (ডানে) ও টমাস l ফাইল ছবি

চিকিৎসাবিজ্ঞান বলছে, এ রোগ হলে মানুষের স্মৃতিশক্তি লোপ পায় ধীরে ধীরে। চিন্তা ও কথা বলায় সমস্যা হয় একটা সময়। আচ্ছা, জার্ড মুলারও কি তাহলে একদিন ভুলে যাবেন ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে তাঁর দেওয়া জয়সূচক গোলটির কথা? ভুলে যাবেন, একের পর এক গোলের ‘গোলা’ বর্ষণে প্রতিপক্ষকে বিধ্বস্ত করতেন বলে সবাই তাঁর নাম দিয়েছিল ‘ডার বোম্বার’ বা বোমারু? হয়তো সেটাই নিয়তি। আলঝেইমার নামের এক কঠিন রোগ যে বাসা বেঁধেছে কিংবদন্তি এই জার্মানের শরীরে।
মুলার ভুলে যেতে পারেন। কিন্তু জার্মানি ভুলবে না, ভুলবে না ফুটবল-বিশ্বও। তাই তো কাল তাঁর এই অসুস্থতার খবর দিতে গিয়ে বায়ার্ন মিউনিখ সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগেও বলেছেন, ‘জার্ড মুলার বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন। তাঁর গোলগুলো ছাড়া জার্মানি কিংবা বায়ার্ন মিউনিখ কোনোটাই আজকের এ অবস্থানে আসতে পারত না।’
এটা যে স্রেফ কথার কথা নয়, সেটির সাক্ষী পরিসংখ্যান। জার্মানি খেলছে আর জার্ড মুলার গোল পাননি—এমন ঘটনা ওই সময় ছিল সত্যিই বিরল। দেশের হয়ে মাত্র ৬২ ম্যাচে ৬৮ গোল। ফুটবল ইতিহাসের বড় বড় অনেক খেলোয়াড়ই যেখানে ক্লাব ও জাতীয় দলের মধ্যে পারফরম্যান্সের ভারসাম্য রাখতে হিমশিম খান, সেখানে তিনি ক্লাব এবং জাতীয় দলের হয়ে গোল করেছেন পাল্লা দিয়ে! ক্লাব বায়ার্ন মিউনিখের হয়েও সব ধরনের প্রতিযোগিতায় ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল!
এমন একজনের এই কঠিন রোগের খবর যে জার্মান ফুটবলকে আবেগে নাড়িয়ে দেবে, সেটিই তো স্বাভাবিক। তবে আবেগটা একটু বেশিই ছুঁয়ে গেছে জার্মানির আরেক মুলারকে, যাঁর নামের প্রথম অংশটা টমাস। শুধু নামের মিলের কারণেই নয়, ১০ বছর বয়সে বায়ার্নের একাডেমিতে প্রথম পা রাখার পর থেকেই কিংবদন্তি মুলারের স্নেহধন্য। প্রিয় মানুষের অসুস্থতার খবরটা তাই ‘ছোট’ মুলারের কাছে এসেছে বিশাল ধাক্কা হয়ে, ‘এটা আমাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। তিনি আমার সবচেয়ে বড় আদর্শ। আমি তাঁকে সব সময় একজন চমৎকার মানুষ হিসেবে সম্মান করি।’
বলেছেন মুলারের সঙ্গে তাঁর দারুণ সম্পর্কের কথাও, ‘আমি যখন তরুণ বয়সে বয়সভিত্তিক দলে এলাম, তাঁর সঙ্গে পরিচয়ের সুযোগ হলো। শুরু থেকে আমাদের দারুণ জমে গিয়েছিল। তিনি আমাকে শুরু থেকেই অনেক সাহায্য করেছেন, যার জন্য আমি আজও তাঁর কাছে কৃতজ্ঞ।’ গোলের হারে যে কখনো জার্ডকে ছোঁয়া সম্ভব নয়, সে বিষয়ে নিশ্চিত জার্মানির হয়ে ৬৫ ম্যাচে ৩০ গোল করা টমাস, ‘কেউ কোনো দিন জার্মানির হয়ে ম্যাচপ্রতি তাঁর গোলসংখ্যার কাছে যেতে পারবে না। অথচ এর পরও তিনি কত বিনয়ী, নিজেকে কখনো বিশেষ কেউ বলে ভাবেননি!’ এএফপি।