মুলারের এখন চলছে ‘নরক যন্ত্রণা’

ইংল্যান্ডের বিপক্ষে গোলের সুযোগ নষ্টের পর মুলারের মাথায় হাত।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি বয়সের কাছেই হার মানলেন টমাস মুলার? যে মুহূর্তে জার্মানির সবচেয়ে বেশি প্রয়োজন ছিল গোলের, ঠিক তখনই অবিশ্বাস্যভাবে গোলের সুযোগ নষ্ট করলেন।

গোল করতে না পেরে কাল জার্মানদের হৃদয় তো ভেঙেছেনই, নকআউটেই শেষ হয়ে গেছে জার্মানির ইউরো–স্বপ্ন। অথচ দুই বছর আগে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া মুলারকে আবারও দলে ডেকেছিলেন কোচ ইওয়াখিম লুভ।

আস্থার প্রতিদানের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না মুলার। ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে এভাবে গোলের সুযোগ নষ্ট করে রীতিমতো আফসোসে পুড়ছেন জার্মান তারকা। তাঁর কাছে সময়টা এখন ‘নরক যন্ত্রণা’র মতোই।

শেষ ষোলোর লড়াইয়ে তখন ১-০ গোলে এগিয়ে ইংল্যান্ড। খেলা বাকি ৯ মিনিট। প্রতি–আক্রমণ থেকে বল পেয়েই এক দৌড়ে বক্সের দিকে ছুটলেন মুলার। ইংলিশ রক্ষণ ভেঙে ঢুকে পড়লেন বক্সে।

ইংল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ডকে একা পেয়েও গোল করতে পারেননি মুলার।
ছবি: এএফপি

সামনে তখন শুধুই ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ডান পায়ে জোরালো একটা শট নিলেন মুলার। অথচ বলটা জালেই জড়াতে পারলেন না! পোস্টের পাশ ঘেঁষে বল চলে গেল বাইরে। মুহূর্তেই মাথায় হাত দিয়ে হাঁটু মুড়ে বসে পড়লেন। অথচ ওই গোলটা হয়ে গেলে পুরো ম্যাচের রংটাই হয়তো বদলে যেতে পারত।

হাঁটু মুড়ে মাথায় হাত দিয়ে বসা ছবিটা ইনস্টাগ্রামে পোস্ট করার পর লিখেছেন, ‘সুযোগটা পেয়ে এবং এরপর তা নষ্ট করে খুব খারাপ লেগেছে। আসলে গোল নষ্ট করে মনে হচ্ছে, যেন নরক যন্ত্রণা ভোগ করছি।’

এমন একটা সুযোগ পেয়েও তা থেকে গোল না করার ব্যর্থতা যেকোনো ফুটবলারকেই সারা জীবন কুরে কুরে খাবে। মুলারও ঠিক সেই রকম যন্ত্রণায় বিঁধছেন, ‘এটা এমন একটা মুহূর্তের স্মৃতি, যা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। ঘটনাটা মাঝেমধ্যেই আপনার রাতের ঘুম ভাঙিয়ে দেবে। যত দিন আপনি ফুটবল নিয়ে কাজ করবেন, কোচ হিসেবে প্রশিক্ষণ দেবেন এবং একজন ফুটবলার হিসেবে বেঁচে থাকবেন, এটা ভুলতে পারবেন না।’

ওই মুহূর্তে গোলটা যে কতখানি দরকার ছিল, তা মুলার নিজেও বুঝতে পারছেন, ‘নকআউট ম্যাচের ওই সময় আপনি একা হাতেই পুরো দলকে খেলায় ফেরাতে পারতেন এবং পুরো ফুটবল জাতিকেই উচ্ছ্বাসে ভাসাতে পারতেন।’

মুলারের সুযোগ নষ্টের পর হ্যারি কেইনের গোল জার্মানিকে ম্যাচ থেকেই ছিটকে দেয়। এভাবে হারের পর তাই সতীর্থ, কোচ—সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন মুলার, ‘জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন, আমার সতীর্থ, কোচ যিনি আমার ওপর আস্থা রেখেছিলেন—সবার জন্যই খারাপ লাগছে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে জার্মান–সমর্থকদের জন্য, যাঁরা আমাদের পাশে দাঁড়িয়ে পুরো ইউরো চ্যাম্পিয়নশিপে সমর্থন দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সমর্থন দেওয়ার জন্য।’

৩১ বছর বয়সী মুলার হয়তো শেষ ইউরোটা খেলেই ফেললেন। এই ম্যাচে গোল পেলে ৪০টি আন্তর্জাতিক গোল লেখা হতো তাঁর নামের পাশে। কিন্তু টানা তিন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোলের দেখা পেলেন না। একটা আক্ষেপ নিয়েই জার্মানির বিমানে উঠেছেন মুলার।