মুলারের চোখে নয়্যার
মেসি-রোনালদো-নয়্যার। কে জিতবেন এবারের ব্যালন ডি’অর? কে পাবেন বিশ্বসেরা ফুটবলারের খেতাব?
কারও মতে লিওনেল মেসি, কারও মতে ক্রিস্টিয়ানো রোনালদো, কারও বা বাজি ম্যানুয়েল নয়্যার। জার্মান গোলরক্ষক নয়্যারের পক্ষে যাচ্ছে বিশ্বকাপ জয়। এই বাজির পক্ষেরই একজন টমাস মুলার। জাতীয় দল ও বায়ার্ন সতীর্থ মনে করেন, রোনালদো ও মেসির চেয়ে নয়্যারের ব্যালন ডি’অর জেতাটা হবে অনেক বেশি যৌক্তিক, ‘নয়্যারের বিশ্বকাপ পদকটাই তার পক্ষে কথা বলে, এ ছাড়া সত্যিটা হলো তার পারফরম্যান্স দুর্দান্ত ছিল।’
জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর মন থেকে চান না রোনালদো এবারও পুরস্কারটা জিতুন। বললেন, রোনালদোর টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর জেতাটা ‘পুরোপুরিই একঘেয়ে’ ব্যাপার হবে। তবে রিয়াল মাদ্রিদের হয়ে যেহেতু চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রোনালদো, তাই শীর্ষ তিনে পর্তুগিজ তারকার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন নেই মুলারের। তবে শীর্ষে তিনে মেসির জায়গা নিয়ে আপত্তি জার্মান ফরোয়ার্ডের, ‘তাঁর জায়গায় অন্য কেউ আসতে পারত। যেমন, আরিয়েন রোবেন, বছরটা তার ভালোই গেছে। জার্মানি জাতীয় দলের অন্য কোনো খেলোয়াড়ও জায়গা পেতে পারত।’
মুলারের মতো ব্যালন ডি’অর নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী না করলেও ব্রাজিল ও বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনহো তুলনা টেনেছেন মেসি ও রোনালদোর। দুবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদিনহোর চোখে রোনালদোর চেয়ে একটু হলেও এগিয়ে মেসি, ‘ক্রিস্টিয়ানো রোনালদো খুবই পরিপূর্ণ এক খেলোয়াড়, তবে মেসিই বেশি ভালো কারণ তার মধ্যে জাদুকরি কিছু আছে।’ মার্কা, গোলডটকম।