মুলারের মন্তব্য ও স্যান মেরিনোর জবাব

গত শুক্রবার স্যান মেরিনোকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। এতে যে স্যান মেরিনো খুব অখুশি, তা নয়। বিশ্বের ২০১ নম্বর দল হয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে খেলার সুযোগ পেয়েই তৃপ্ত তারা। কিন্তু তৃপ্তিটা বিস্বাদে পরিণত হলো ম্যাচ শেষে টমাস মুলারের মন্তব্যে। যিনি বলেছেন, এ রকম ‘পুঁচকে’ দলের সঙ্গে খেলা পেশাদার ফুটবলের সঙ্গে যায় না!
মুলারের কথায় স্যান মেরিনোর প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে ভালোভাবেই, ‘এ রকম ব্যস্ত সূচির মধ্যে এমন ম্যাচের কোনো মানে হয় না। আমি বুঝি, ওদের জন্য এ ম্যাচ মানে বিশ্বসেরাদের সঙ্গে খেলা। কিন্তু এ রকম ম্যাচেই অযথা চোটের ঝুঁকি থাকে।’ কোচ জোয়াকিম লো ও বায়ার্ন কিংবদন্তি কার্ল হেইঞ্জ রুমেনিগেও মুলারের কথায় সমর্থনই করেছেন।
স্যান মেরিনো স্বাভাবিকভাবেই এতে খুব ক্ষুব্ধ। দলের কোচ পিয়েরেঙ্গেলো ম্যাঞ্জেরোলি অশ্রদ্ধা দেখছেন মুলারের আচরণে, ‘যখন মেরিনোর মতো দল জার্মানির বিপক্ষে খেলে, তখন এ রকম ফল হতেই পারে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো, কখনো কারও প্রতি শ্রদ্ধা না হারানো। কিন্তু এ ম্যাচে তা হয়নি।’
স্যান মেরিনোর এক সংবাদ কর্মকর্তা অ্যালান গ্যাস্পেরোনির জবাবটাই হয়েছে সবচেয়ে দারুণ। তিনি বলেছেন, মুলার স্যান মেরিনোতে না এসে বাসায় থাকলেই ভালো করতেন বা বাড়তি কিছু টাকা আয়ও করতে পারতেন বিজ্ঞাপনের শুটিং করে; কিন্তু জার্মানির স্যান মেরিনো সফর ১০টি কারণে সফল!
প্রথম কারণ, এ ম্যাচ দেখিয়ে দিয়েছে, এমন ‘পুঁচকে’ দলের সঙ্গেও গোল করতে পারেন না মুলার! বাকি নয়টি কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো মুলারের আচরণে বোঝা গেছে, জার্মানরা জাতি হিসেবে এখনো বদলায়নি! আবার এ ম্যাচই সার্জ নাব্রিকে দিয়েছে হ্যাটট্রিকের সুযোগ। এ ম্যাচ দিয়েই স্যান মেরিনো জানিয়ে দিয়েছে পেশাদার না হয়েও ফুটবল খেলা যায়, কারণ ফুটবল খেলাটা সবার জন্য। এ ম্যাচের আয় থেকে মুলারদের প্রাপ্যটা দিয়েও বাকিটা দিয়ে দেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে পারবে জার্মানি। আর এই ম্যাচ থেকে পাওয়া অর্থ দিয়ে একটা ফুটবল মাঠ বানাতে যাচ্ছে স্যান মেরিনো। এএফপি।