প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইন রুনিকে আক্রমণে সাহায্য করতে পারে এমন একজন খেলোয়াড় এখনো খুঁজে পাননি লুই ফন গাল! গ্যারেথ বেলকে বিক্রি করতে চায় না রিয়াল মাদ্রিদ, পেদ্রোকে নিয়ে গেছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এবার পাখির চোখ করেছেন টমাস মুলারকে। জার্মান ফরোয়ার্ডকে কিনতে প্রস্তাব করেছেন বায়ার্ন মিউনিখের কাছে। মূল্য? ‘মাত্র’ ১০০ মিলিয়ন ইউরো! কয়েক বছর ধরেই দলবদলের বাজারে খেলোয়াড়দের দাম যেন জ্যামিতিক হারে বাড়ছে। মাঝারি মানের খেলোয়াড়েরাই বিকোচ্ছেন চড়া দামে। মুলার বিশ্বের সেরাদের একজন। তাঁর দাম তো একটু বেশি হবেই। তাই বলে এত! ২৫ বছর বয়সী ফরোয়ার্ড অবশ্য অবাক হয়েছেন এই প্রস্তাবে। মাত্রাতিরিক্ত এই দামকে নিজেই বলছেন ‘পাগলাটে’। তবে প্রস্তাবে খুশি হলেও জানিয়ে দিয়েছেন আপাতত বায়ার্ন ছাড়ার কোনো ইচ্ছা তাঁর নেই। আরেক দফা হতাশ হওয়া ছাড়া আর উপায় কি ফন গালের! এএফপি।