মুসার জোড়া গোলে হেসে-খেলে জিতল মুক্তিযোদ্ধা

ফেডারেশন কাপে চমক দেখিয়ে ফাইনালে উঠেছিল। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেও শিরোপার দাবিদার শেখ জামালের সঙ্গে ১-১ গোলে ড্র করে নিজেদের ‘জায়ান্ট কিলার’ পরিচয়টাকে আরও প্রতিষ্ঠিত করে তুলেছিল আরামবাগ। তবে আজ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর পারল না সাইফুল বারী টিটুর দল। শক্তিশালী মুক্তিযোদ্ধার কাছে হেরে গেল ৩-০ গোলে।
গত কয়েক দিনে প্রিমিয়ার লিগ দুর্দান্ত কিছু ম্যাচ দেখেছে। আজকের ম্যাচটি ঠিক সেরকম হয়নি। অবশ্য পরিকল্পনার ছাপ কম দেখা গেলেও প্রত্যয় ছিল ঠিকই। মুক্তিযোদ্ধার নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আরামবাগও লড়ে গেল সমানে সমানে। কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছে আহমেদ মুসা কোলোর কাছে। মুক্তিযোদ্ধা স্ট্রাইকার করেছেন দুই গোল, অন্য গোলটি জাভেদ খানের।
মুক্তিযোদ্ধাকে এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য করে দিয়েছে আরামবাগই। বলতে গেলে পেনাল্টি ‘উপহার’ই দিয়েছে। এবারের ইউরোতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ক্রস ঠেকাতে নিজেদের বক্সে যেভাবে হ্যান্ডবল করে পেনাল্টি উপহার দিয়েছিলেন শোয়েইনস্টাইগার, সেটিই আজ মনে করিয়ে দিলেন আরামবাগের শরীফুল ইসলাম সজীব। ৩৫ মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রস ঠেকাতে গিয়ে হাত উঠিয়ে দিলেন ডিফেন্ডার। ব্যস, পেনাল্টি! ঠান্ডা মাথায় সেটিকে জালে পাঠিয়ে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন স্ট্রাইকার আহমেদ মুসা।
এক গোলে এগিয়ে থাকাটা কখনোই স্বস্তির নয়। তারওপর দ্বিতীয়ার্ধে আরামবাগও সমানতালে লড়ে যাচ্ছিল। ঠিক তখনই মুক্তিযোদ্ধার অস্বস্তি দূর করে দিলেন ওই মুসাই। ৮০ মিনিটে মিডফিল্ড থেকে উড়ে আসা বলটা দুর্দান্তভাবে নিয়ন্ত্রণে নেন বক্সের মধ্যে। আরামবাগ গোলকিপার এগিয়ে এসেছিলেন বাধা দিতে, কিন্তু তাঁকে কাটিয়ে গিয়ে দুরূহ কোণ থেকে বল জালে জড়িয়ে দেন।
পাঁচ মিনিট পর দ্বিতীয় গোলের ‘রেসিপি’ মেনেই যেন তৃতীয় গোলটি করে মুক্তিযোদ্ধা। এবার গোলদাতা জাভেদ খান। যেন সতীর্থ মুসাকেই দেখিয়ে দিতে চাইলেন, ‘তুমি যা পার, আমিও পারি।’ বক্সের বাঁ পাশে বল পেয়েছিলেন। এক ডিফেন্ডারকে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই আরামবাগ গোলকিপারও পোস্ট ছেড়ে বেরিয়ে এলেন জাভেদকে বাধা দিতে। তাঁকে পেরিয়ে এক টোকায় বল জালে জড়িয়ে দিলেন জাভেদ।