মৃত্যু-উপত্যকা পেরিয়ে গেল আর্জেন্টিনা

এই ছবিটা আর্জেন্টিনার দেয়ালে দেয়ালে পোস্টার হয়ে হাসতে পারে। এই ছবিটা আর্জেন্টিনার মানুষের বুকের মধ্যে চিরকাল জীবন্ত হয়ে থাকতে পারে। ৮৬ মিনিটে গোল করলেন মার্কোস রোহো আর ছুটন্ত রোহোর পিঠে সওয়ার হলেন মেসি!
এই গোলটাই দ্বিতীয় রাউন্ডে তুলল মেসির আর্জেন্টিনাকে। এই গোলই মৃত্যু-উপত্যকায় ঝুলতে থাকা মেসির দলকে টেনে তুলল ওপরে। বুক ভরে নিতে দিল নিশ্বাস।
মেসির আর্জেন্টিনা? মেসির দল? কাল সেন্ট পিটার্সবার্গে আর্জেন্টিনা মেসির দলই ছিল। ১৪ মিনিটে মেসি-ম্যাজিকেই আর্জেন্টিনা পেয়েছে প্রথম গোল। মাঝমাঠ থেকে বলটা বাড়িয়েছিলেন এভার বানেগা। সেটি ডান বক্সের ডান কোনা থেকে ঊরুতে নিয়ে বাঁ পায়ের চেটোর নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্টে পাঠিয়ে দিলেন মেসি। বাঁ পায়ে নয়, ডান পায়ে! রাশিয়া বিশ্বকাপের শততম গোল।
এটাই মেসির ডান পায়ের সেরা গোল কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম আর নানা ফুটবল ওয়েবসাইটে বিতর্ক চলছে। বিতর্ক চলছে বা চলতে থাকবে এই নিয়েও যে বানেগার পাসটিই রাশিয়া বিশ্বকাপের এ পর্যন্ত সেরা পাস কি না। সে বিতর্ক চলতে থাকুক ভার্চ্যুয়াল জগতে, আপাতত সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামের বাস্তব জগতে কোনো তর্কই চলতে পারে না। চলবে কী করে, এখানে কথা শুনতে পারাই দায়। মনে হচ্ছিল পাশের ফিনিশ উপসাগর সবচেয়ে অশান্ত অবস্থায় ফুঁসে উঠছে। মনে হলো আটলান্টিকের ঢেউ এসে মিশেছে এর সঙ্গে। মানুষের অবিশ্রান্ত চিৎকার, ড্রামের শব্দ, ভুভুজেলার সুর একসঙ্গে মিশে তৈরি করেছে শব্দব্রহ্ম। গ্যালারির রং আকাশি-সাদা। গান ভেসে আসছে ক্লান্তিহীন সহস্র কণ্ঠ থেকে—‘ভামোস আর্জেন্টিনা...মেসি ইয়ে ম্যারাডোনা।’
প্রায় ১৯ কোটি মানুষের দেশ নাইজেরিয়া প্রায় সাড়ে চার কোটি মানুষের আর্জেন্টিনার কাছে একেবারেই সংখ্যালঘু।সেন্ট পিটার্সবার্গ জীবন্ত ইতিহাসের শহর। জার আমলের সেন্ট পিটার্সবার্গ নাম বদলে হয়েছিল পেট্রোগ্রাদ। সমাজতান্ত্রিক শাসনের সময় নাম নিয়েছিল লেনিনগ্রাদ, সমাজতন্ত্রের পতনের পর ফিরে গেছে আদি নামে। তবে বারবার নাম বদলেও অতীতটা সে মুছতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাখো মানুষ হারিয়ে গিয়েছিল এই শহর থেকে। রক্ত আর ধ্বংসের কত যে কাহিনি লেখা এর গায়ে গায়ে। একটা ইট খুঁড়লেই হয়তো বেরিয়ে পড়বে সকরুণ ইতিহাস। আর মৃত্যুগন্ধা, স্মৃতিগন্ধা এই শহরেই কাল দেখা মিলল মেসি–জাদুর। সামনে যখন ঘুটঘুটে অন্ধকার, মৃত্যু-উপত্যকার দিকে ঝুলে পড়া দলকে টেনে তুলতে বের করে আনলেন জাদুদণ্ড।
তাঁর জাদুতে আর্জেন্টিনা জাগল বটে, তবে সেই জাগরণ একেবারেই আগুনে দৃঢ়তায় যেন নয়। মাঝমাঠে মাঝে মাঝেই তারুণ্যদীপ্ত নাইজেরিয়ার কাছে দখল হারিয়ে ফেলছিল আর্জেন্টিনা। মেসি নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন ডান প্রান্তে।

আর এই ফাঁকেই দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে নাইজেরিয়া। গোলও পেয়ে যায় পেনাল্টিতে। কর্নার থেকে উড়ে আসা বলের দখল নিতে যাওয়া বালোগানকে অবৈধভাবে আটকে নাইজেরিয়াকে পেনাল্টি উপহার দেন মাচেরানো। পেনাল্টি থেকে গোল করেন ভিক্টর মোজেস। সমতা এসে যাওয়ার পর গ্যালারিতে যতটা উচ্ছ্বাস দেখা যাচ্ছিল, মেসিদের খেলায় ততটা নয়। কেমন ঝিমুনি ভাব। পাশে বসা এক আর্জেন্টাইন সাংবাদিক তাঁর পানির বোতলটা মারলেন ছুড়ে।
আর ঠিক তখনই ডান দিক থেকে মারকাদোর পাসে রোহোর ওই ভলি। রোস্তভ থেকে ভেসে এসেছে সুখবর, আইসল্যান্ড হারতে চলেছে ক্রোয়েশিয়ার কাছে। এই গোলটা ধরে রাখা দরকার। কী তীব্র আকুলতা। মেসি পর্যন্ত সময়ক্ষেপণের দায়ে দেখলেন হলুদ কার্ড।
গোলপোস্টের নিচে আর্জেন্টিনার নতুন মুখ নাইজেরিয়ার শেষ আক্রমণ রুখে দিয়ে যখন বল নিয়ে পড়ে আছেন মাঠে, রেফারি বাজালেন শেষ বাঁশি। ড্রামের বিটগুলো যেন সেন্ট পিটার্সবার্গ থেকে শব্দ ছড়িয়ে দিচ্ছে বুয়েনস এইরেসে। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে। আর্জেন্টাইন–সমর্থকদের গায়ের আকাশি-সাদা জার্সিগুলো দুলছে বিরতিহীন। শেষহীন আনন্দধারা। মৃত্যু-উপত্যকা পেরিয়ে নকআউটে পৌঁছে গেছে আর্জেন্টিনা।