যেকোনো ড্রয়ের পরেই একটা গ্রুপের গায়ে ‘মৃত্যুকূপে’র তকমা লেগে যাওয়াটা ফুটবলে একটা রীতিই হয়ে গেছে। পরশু রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের পর ইউরোপের মৃত্যুকূপ তাহলে কোনটি? কেউ কেউ স্পেন-ইতালির গ্রুপের কথা বলতে পারেন। তবে ফ্রান্স, হল্যান্ডের সঙ্গে যে গ্রুপে সুইডেন, বুলগেরিয়া, বেলারুশ, লুক্সেমবার্গের মতো দল আছে, সেটাকেই বোধ হয় সবচেয়ে কঠিন বলতে হবে!
ব্রাজিল বিশ্বকাপের পর থেকেই হল্যান্ডের সময়টা ভালো যাচ্ছে না। ইউরো বাছাইপর্বে বাজে পারফরম্যান্সের দায় মাথায় নিয়ে সরে গেছেন গাস হিডিঙ্ক, উত্তরসূরি ড্যানি ব্লিন্ডের সামনে এখন ২০১৮ বিশ্বকাপ বাছাইয়েরও চ্যালেঞ্জ। তবে মনে যা-ই থাকুক, ব্লিন্ড কিন্তু ড্রয়ের পর বেশ ইতিবাচক, ‘এই গ্রুপ থেকে একটা মাত্র দল যাবে, ব্যাপারটা খুব রোমাঞ্চকর হবে। এখানে সবাই ভালো ফুটবল খেলে। ফ্রান্স সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, সুইডেন তো আছেই। বুলগেরিয়া ও বেলারুশও হেলাফেলা করার মতো দল নয়। আর ভালো প্রতিপক্ষ আপনাকে আরও বেশি উদ্দীপ্ত করবে। আর এটাও মানতে হবে, আমাদেরও প্রতিপক্ষ হিসেবে কেউ খুব একটা আশা করছিল না।’
চ্যালেঞ্জটা ফ্রান্সের জন্যও বরং আরও বড়। গত দুবারই হোঁচট খেতে খেতে বিশ্বকাপে উঠেছে ফ্রান্স। ২০১০ সালে প্লে-অফ খেলতে হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। গত বিশ্বকাপে খেলার জন্যও পেরোতে হয়েছে প্লে-অফে ইউক্রেন-বাধা। তবে ড্রয়ের পর বেশ আশাবাদী ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত, ‘গ্রুপটা খুবই ভারসাম্যপূর্ণ হয়েছে, এখানে সবার ভালো সুযোগ আছে। হল্যান্ড অসাধারণ একটা বিশ্বকাপ কাটিয়েছে, সুইডেনে ইব্রার মতো খেলোয়াড় আছে। বুলগেরিয়া, বেলারুশ এমনকি লুক্সেমবার্গকেও উপেক্ষা করা কঠিন। তবে আমার মনে হয় আমরাই এখান থেকে উঠব।’
একসময়ের নিয়মিত দল সুইডেন সর্বশেষ দুই বিশ্বকাপে খেলতেই পারেনি। সুইডিশ অধিনায়ক ইব্রাহিমোভিচের জন্য নিশ্চিতভাবে এবারের আসরটাই হয়ে থাকবে শেষ সুযোগ। সুইডেনের জন্য এবার গ্রুপটা বেশ কঠিন হয়ে গেল, এটা মানছেন কোচ এরিক হামরেনও, ‘ফেবারিট নই, এটা বলতে পারি। বিশ্বকাপে যাওয়াটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’
ইংলিশদের জন্য ড্রটা বিশাল একটা স্বস্তিই হয়ে এসেছে। স্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্কটল্যান্ডের কেউই ইউরোপের পরাশক্তি নয়। সবচেয়ে বড় কথা, গ্রুপের প্রতিটি দলের সঙ্গে শতভাগ জয়ের রেকর্ড আছে ইংলিশদের। ইংল্যান্ড কোচ রয় হজসন অনুচ্চারে স্বস্তিটা জানিয়ে দিলেন, ‘আমার মনে হয় ড্রটা ভালোই হয়েছে। আমাদের চেনা দেশগুলোকেই পেয়েছি, ওদের আমরা সম্মান করি। সবাই আগের ইতিহাসের জন্য স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটার দিকেই তাকিয়ে। তবে অন্য গ্রুপগুলোর দিকে তাকালে আমাদের সূচিটা অন্য অনেক দলের চেয়ে সহজই বলতে হবে।’ এএফপি।