মৃত্যুকে ভয় পান দুঙ্গা, চাকরি হারানো নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি টিকিয়ে রাখতে পারবেন দুঙ্গা? ছবি: এএফপি
চাকরি টিকিয়ে রাখতে পারবেন দুঙ্গা? ছবি: এএফপি

অলিম্পিক ফুটবলের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাওয়া যাবে, এটাই হতে পারে দুঙ্গার একমাত্র সান্ত্বনা। কিন্তু অলিম্পিক ফুটবল পর্যন্ত ব্রাজিল কোচের পদে থাকতে পারবেন তো? টানা দ্বিতীয় বছর কোপা আমেরিকায় দুঙ্গার দলের শোচনীয় ব্যর্থতা তাঁর দ্বিতীয় মেয়াদে কোচের চাকরিটাই ফেলে দিয়েছে হুমকির মুখে।

পেরুর কাছে বিতর্কিত গোলে হেরে ব্রাজিল বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু তাতে আড়াল হচ্ছে না দল হিসেবে ব্রাজিলের ব্যর্থতা। এবারের কোপায় পুঁচকে হাইতির বিপক্ষে সাত গোল দিলেও বাকি দুই ম্যাচে ব্রাজিল ছিল নিষ্ফল। প্রথম ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে তো ইকুয়েডরের বিপক্ষে তারা হারও এড়িয়ে ছিল। আজ ড্র হলে চলে কিন্তু হারলে বাদ এমন ম্যাচে কেন গোলের ক্ষুধাটা তীব্র থাকবে না খেলোয়াড়দের? কেন পেরুর গোলমুখ একবারও খুলতে পারবে না ব্রাজিল?

৫৩ বছর পর ইকুয়েডরের সঙ্গে কোপায় ড্র করার ঘটনা টাটকা থাকতেই ২৯ বছর পর টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার ব্যর্থতা সঙ্গী হলো ব্রাজিলের। এরপরও কি চাকরিতে বহাল থাকবেন দুঙ্গা? তিনি নিজে কী মনে করেন? চাকরি হারানোর ভয় কি পাচ্ছেন?

ব্রাজিল কোচ বলছেন, 'আমি শুধু মৃত্যু ভয় পাই, চাকরি হারানোর নয়।' চাকরি যাবে না বলেও আশাবাদী তিনি, 'প্রেসিডেন্ট (ব্রাজিল ফুটবল সংস্থার) জানেন আমরা কী করছি, কীভাবে করছি। ব্রাজিলের কোচ হওয়া মানেই নিত্য সমালোচনার সঙ্গী হওয়া। এটা জেনেই আমরা কাজ করছি। ব্রাজিল দলের হয়ে কাজ করার সময় প্রত্যাশিত ফল এনে দিতে না পারলে চাপের পাহাড় মাথায় চেপে বসবে, এটা আমরা জানিই। কিন্তু মূল ব্যাপারটা হলো, আমরা জানি আমরা কী করছি।'

২০১০ বিশ্বকাপের ব্যর্থতার পর দুঙ্গাকে ছাঁটাই করা হয়েছিল। গত বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জার পর আবারও দুঙ্গা ফিরে আসেন। কিন্তু গত কোপার কোয়ার্টার ফাইনালে দল বাদ পড়ে। এবার গ্রুপ পর্বেই। বিশ্বকাপ বাছাই পর্বেও ব্রাজিল আছে ছয়ে।


দুঙ্গার রক্ষণাত্মক কৌশল নিয়ে সমালোচনা তো আছেই, তবে এও সত্যি, ব্রাজিলের এখনকার দলটা নিকট অতীতে তাঁদের সবচেয়ে দুর্বল দলও। এই সময়টাকে পার করে আবারও সুদিন ফেরাতে সময় লাগবে। জার্মানির উদাহরণ দিয়ে দুঙ্গা বলেছেন, 'ফুটবল পুনর্গঠন করতে জার্মানি যে ১৪ বছর ধরে কাজ করল, এটা নিয়ে আমরা কত হাততালি দেই। আর ব্রাজিলে সবাই চায় দুই মিনিটের মধ্যে সবকিছু সহজে বদলে যাবে। ফুটবলে আপনাকে ধৈর্য ধরতেই হবে, যা করতে চাইছেন তার ওপর অটল ও আস্থাশীল হতে হবে।' সূত্র: রয়টার্স।